এনডিসি প্রশিক্ষণার্থীদের জাতীয় উন্নয়নে অবদান রাখার আহ্বান রাষ্ট্রপতির

আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৩, ০৪:৪৬ এএম

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ন্যাশনাল ডিফেন্স কোর্স (এনডিসি) এবং আর্মড ফোর্সেস ওয়ার কোর্সের (এএফডব্লিউসি) প্রশিক্ষণার্থীদের জাতীয় উন্নয়নে অবদান রাখার আহ্বান জানিয়েছেন। তিনি গতকাল রবিবার সকালে মিরপুর ক্যান্টনমেন্টের ন্যাশনাল ডিফেন্স কলেজে (এনডিসি) আয়োজিত এক অনুষ্ঠানে এ আহ্বান জানান।

রাষ্ট্রপ্রধান বলেন, ‘বিশ্বায়নের যুগে উন্নয়নের গতি বজায় রাখতে দক্ষ ও চৌকস জনশক্তি আবশ্যক... এনডিসির প্রশিক্ষণ কোর্স থেকে অর্জিত জ্ঞানের মাধ্যমে জাতিকে গড়ে তুলতে এবং আপনার দেশকে আরও উন্নত করতে সহায়তা করুন।’

সাহাবুদ্দিন আরও বলেন, তথ্যপ্রযুক্তির দ্রুত সম্প্রসারণ ও বিকাশ এবং বৈশ্বিক পরিস্থিতি পরিবর্তনের ফলে জনগণ ও জাতির আশা-আকাক্সক্ষা পূরণের জন্য বেসামরিক ও সামরিক আমলাতন্ত্রের পাশাপাশি সরকারেরও গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে।

‘বড় পদ সাধারণত উচ্চতর দায়িত্বের সঙ্গে আসে’ উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, এই এনডিসি কোর্স প্রশিক্ষণার্থীদের নীতিনির্ধারণ, নিরাপত্তা, যুদ্ধকৌশল ও উন্নয়নের জ্ঞান অর্জনে তাদের সঠিক দিকনির্দেশনা দেবে। এই কোর্সগুলো একজন নিখুঁত, দূরদর্শী নেতা ও ভালো কর্মকর্তা হিসেবে কাক্সিক্ষত সমন্বয়, স্বচ্ছতা, নিষ্ঠা, জবাবদিহি, শৃঙ্খলা ও দক্ষতার সঙ্গে কাজ করতে সবার পেশাদার আত্মবিশ্বাসকে উন্নত করবে বলে রাষ্ট্রপতি আশা করেন।

এ বছর বাংলাদেশ সশস্ত্র বাহিনীর ৪৩, বেসামরিক প্রশাসনের ১৩ এবং ১৭টি বন্ধুপ্রতিম দেশের ২৯ জনসহ এনডিসি কোর্সে ১৪১ জন অংশ নেন।

রাষ্ট্রপতি বলেন, ‘আপনারা ২৯ বিদেশি প্রশিক্ষণার্থী পেশাগত সম্পর্কের বাইরে গিয়েও সামাজিক বন্ধন ও বন্ধুত্ব গড়ে তুলেছেন এবং আপনারা নিজ নিজ দেশে বাংলাদেশের “শুভেচ্ছা দূত” হিসেবে কাজ করবেন।’ অনুষ্ঠানে ন্যাশনাল ডিফেন্স কলেজের ভারপ্রাপ্ত কমান্ড্যান্ট এয়ার ভাইস মার্শাল মু. কামরুল ইসলাম স্বাগত বক্তব্য রাখেন এবং সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

কৃষিমন্ত্রী ড. মো. আবদুর রাজ্জাক, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন, তিন বাহিনীর প্রধান, ঊর্ধ্বতন বেসামরিক ও সামরিক কর্মকর্তা, রাষ্ট্রপতির সংশ্লিষ্ট সচিব, অনুষদ, স্টাফ অফিসার এবং এনডিসি ও এএফডব্লিউসির কোর্স সদস্যরা উপস্থিত ছিলেন।

সেখানে রাষ্ট্রপতি একটি কেক কাটেন এবং এনডিসি এবং এএফডব্লিউসি স্নাতকদের সঙ্গে ফটো সেশনে অংশ নেন। বাসস

×
সর্বশেষ সর্বাধিক পঠিত