ছত্তিশগড়-রাজস্থানে আর টিকল না কংগ্রেস, সুখবর কেবল তেলেঙ্গানায়  

আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৩, ০৪:৫০ পিএম

লোকসভা নির্বাচন তথা ভারতের জাতীয় নির্বাচন ২০২৪ সালে। এর আগে গুরুত্বপূর্ণ তিন রাজ্য-  মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, রাজস্থান বিধানসভা নির্বাচনে জয় পেল বিজেপি। অপরদিকে শুধু তেলেঙ্গানায় জিতেছে কংগ্রেস।

চার রাজ্যের নির্বাচনী ফলাফলের ওপর অনেকটাই নির্ভর করেছিল জাতীয় রাজনীতির ভবিষ্যৎ। ফলাফলে দেখা গেলো, কংগ্রেসকে রীতিমতো টেক্কা দিয়ে বিধানসভা নির্বাচনে তিনটি রাজ্যেই সহজ জয় পেয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দল।  

এর আগে শুধু মধ্যপ্রদেশে ক্ষমতায় ছিল বিজেপি। ছত্তিশগড় ও রাজস্থানে ক্ষমতায় ছিল কংগ্রেস পার্টি। কিন্তু এবার এই দুই রাজ্যও বিজেপির দখলে চলে গেল। তিন রাজ্যে জয়ের প্রতিক্রিয়ায় বিজেপি নেতা ও ভারতের প্রধানমন্ত্রী মোদি বলেন,’ মানুষ কেবল সুশাসন ও উন্নয়নের রাজনীতিতেই ভরসা করে।’ এছাড়া এই রাজ্যগুলোর জয়কে আগামী জাতীয় নির্বাচনে বিজেপির জয়ের গ্যারান্টি বলেও মন্তব্য করেন তিনি।

অথচ মধ্যপ্রদেশে এবার কংগ্রেস বিজেপিকে পরীক্ষায় ফেলতে যাচ্ছে, ভোটের আগে এমন পূর্বাভাসই পাওয়া যাচ্ছিল। কিন্তু গত রবিবার দুপুরের মধ্যেই সেই পূর্বাভাস মিথ্যা প্রমাণ করে দেয় বিজেপি। মধ্যপ্রদেশে বিজেপির সঙ্গে কোনো ধরনের প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে না পারা কংগ্রেস বরং রাজস্থান ও ছত্তিশগড়ে ক্ষমতা হারিয়েছে।

এ নির্বাচন বিজেপি বিরোধীদের জোট ইনডিয়ার জন্যও বড় ধাক্কার। যদিও এই জোটের অন্যতম নেতা তৃণমূল কংগ্রেসের প্রধান ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘এই তিন রাজ্যে কংগ্রেস হেরেছে, জনগণ কিন্তু হারেনি।’ কংগ্রেসের পরাজয় ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, ‘ইনডিয়া জোটের বাকী দলগুলোর সঙ্গে আসনবণ্টনের সমঝোতার অভাব ছিল। এই সমঝোতার অভাবে নিজেদের ভোট কাটা পড়েছে। আসন বণ্টনের সুব্যবস্থাপনা থাকলে অন্তত মধ্যপ্রদেশ ও ছত্তিশগড়ে বিজেপির জেতার কথা ছিল না। কংগ্রেস হেরেছে কারণ ভোট ভাগ হয়ে গেছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত