শ্যামপুরে আগুন দেওয়ার সরঞ্জামাদিসহ গ্রেপ্তার ১, দাবি পুলিশের

আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৩, ০৮:৪৭ পিএম

রাজধানীর শ্যামপুরে আগুন দেওয়ার সরঞ্জামাদিসহ একজনকে গ্রেপ্তারের দাবি করেছে পুলিশ। তার নাম, হেদায়েত উল্লাহ (৩৫)। এসময় তার কাছ থেকে পেট্রোল, লাইটার ও সুতি কাপড়ের ছোট টুকরা উদ্ধার করা হয়।

সোমবার (৪ ডিসেম্বর) জুরাইন রেলগেট এলাকায় চেকপোস্টে তল্লাশিকালীন তাকে গ্রেপ্তার করা হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া এন্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার কে এন রায় নিয়তী জানান, সোমবার বেলা পৌন ৪টার দিকে শ্যামপুর থানা পুলিশ জুরাইন রেল গেইট বিক্রমপুর প্লাজার সামনে চেকপোস্টে তল্লাশি চলছিল। তখন হেদায়েতের চলাফেরার কারণে তাকে সন্দেহ হয়। এরপর তাকে তল্লাশি করলে তার কাপড়ের শপিং ব্যাগের ভেতর থেকে ছোট বোতলে ২৫০ এমএল পরিমান পেট্রোল, গ্যাসলাইটার ও সুতি কাপড়ের ছোট টুকরা পাওয়া যায়। তাকে এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করলে সে কোনো ধরনের উত্তর দিতে পারেনি। পরে নাশকতা কাজে ওই পেট্রোল ব্যবহার করতে পারে বলে প্রাথমিকভাবে জানা যায়। এরপর হেদায়েতকে গ্রেপ্তার করা হয়। তাকে আরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত