আলোকচিত্র সাংবাদিক কাজলের বিরুদ্ধে পাসপোর্ট আইনের মামলা স্থগিত

আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৩, ০৮:৫৬ পিএম

আলোকচিত্র সাংবাদিক শফিকুল ইসলাম কাজলের বিরুদ্ধে পাসপোর্ট আইনে (অবৈধ অনুপ্রবেশ) করা মামলার কার্যক্রমের ওপর স্থগিতাদেশ দিয়েছেন উচ্চ আদালত। আজ সোমবার বিচারপতি বিচারপতি এস এম কুদ্দুস জামান ও বিচারপতি মো. আমিনুল ইসলামের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে কাজলের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী নাজমুস সাকিব। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুজিত চ্যাটার্জি বাপ্পি। সংশ্লিষ্ট আইনজীবীরা জানান, মামলাটিতে অভিযোগ গঠনের পর সাক্ষ্য গ্রহণের পর্যায়ে আছে।

নরসিংদী যুব মহিলা লীগের নেত্রী (পরে বহিষ্কৃত) শামীমা নূর পাপিয়ার হোটেল ওয়েস্টিন কেন্দ্রিক কারবারে জড়িতদের নিয়ে প্রতিবেদন প্রকাশিত হলে ২০২০ সালের ৯ মার্চ রাজধানীর শেরেবাংলা নগর থানায় শফিকুল ইসলাম কাজলসহ ৩২ জনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন সরকারদলীয় এক সংসদ সদস্য। পরদিন ১০ ও ১১ মার্চ হাজারীবাগ ও কামরাঙ্গীর চর থানায় সাংবাদিক কাজলের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে আরও দুটি মামলা করেন যুব মহিলা লীগের দুজন নেত্রী।

প্রায় দুই মাস ‘নিখোঁজ’ থাকার পর ওই বছরের ২ মে যশোরের বেনাপোল সীমান্ত থেকে কাজলকে আটক করে সীমান্তরক্ষী বাহিনী বিজিবি। পরে ২৩ জুন তাকে গ্রেপ্তার দেখিয়ে ঢাকার সংশ্লিষ্ট বিচারিক আদালতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে হাজির করা হয়। হাইকোর্টের আদেশে তিন মামলায় জামিন পাওয়ার পর ২০২০ সালের ২৫ ডিসেম্বর কারাগার থেকে মুক্তি পান তিনি।

রাষ্ট্রপক্ষের আইনজীবী সুজিত চ্যাটার্জি দেশ রূপান্তরকে বলেন, অবৈধ অনুপ্রকেশের অভিযোগে ওই সময় যশোরে পাসপোর্ট আইনে এ মামলা হয়। হাইকোর্ট মামলার কার্যক্রমের ওপর স্থগিতাদেশ দিয়েছেন। কাজলের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইন ও পাসপোর্ট আইনে করা পৃথক চারটি মামলার সবগুলোতে তিনি জামিনে আছেন বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত