স্পিন কোচ ছাড়াই নিউজিল্যান্ড সফরে যাচ্ছে বাংলাদেশ!

আপডেট : ০৫ ডিসেম্বর ২০২৩, ০১:১৪ পিএম

সিলেট টেস্ট জেতার আগেই বিসিবির সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হয় রঙ্গনা হেরাথের। এই স্পিন কোচ তবুও দলের সঙ্গে ছিলেন। ম্যাচ শেষেই ফিরে গেছেন নিজের দেশে। কাল থেকে শুরু হচ্ছে দ্বিতীয় টেস্ট। সেখানে টাইগাররা খেলতে নামবে কোনো স্পিন কোচ ছাড়াই। এমনকি এ মাসেই বাংলাদেশ দল নিউজিল্যান্ড সফরে যাবে কোনো স্পিন কোচ ছাড়াই।

মূলত টিম ম্যানেজমেন্ট থেকে কোনো স্পিন কোচ চাওয়ার কথা বলা হয়নি বলেই এই বিভাগে কাউকে রাখছে না বিসিবি। আজ মঙ্গলবার এমনটাই নিশ্চিত করেছেন ক্রিকেট অপরারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস।

তিনি বলেন, 'স্পিন কোচ ছাড়াই হয়তো যেতে হবে। ভেতর থেকেই হয়তো কেউ একজন স্পিনের সাপোর্টটা দিবে। সোহেল যাবে না এখানে থাকবে। মূলত টিম ম্যানেজমেন্ট স্পিন কোচের প্রয়োজন মনে করছে না এখন। যদি লাগে তাহলে পরে দেখব এটা।’

ঠিক কী কারণে কোচ নেই তাও খোলাসা করেছেন এই বিসিবি কর্মকর্তা, ‘যেহেতু সেখানে ওয়ানডে এবং টি-টোয়েন্টি খেলা এ কারণে স্পিনকে এত গুরুত্ব দেওয়া হচ্ছে না। যারা হেড কোচ সাপোর্ট স্টাফ আছে তারাই চালিয়ে নিতে পারবে।’

দলের সঙ্গে থাকা এইচপির দুই কোচ ডেভিড হেম্প এবং কলি কলিমোরও যাবেন এই সিরিজে। এদিকে নতুন স্পিন বোলিং কোচ হিসেবে প্রাথমিক ভাবে এখনো কোনো কোচের নাম ঠিক করেনি বিসিবি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত