৫ দোকান ও ১২ অটোরিকশাসহ পুড়ল অর্ধকোটির মালামাল

  • যাদের দোকান পুড়ছে তাদের সবাই এখন অসহায়
  • ৬০ লক্ষ টাকার বেশি ক্ষয়ক্ষতি
আপডেট : ০৬ ডিসেম্বর ২০২৩, ০২:০৫ পিএম

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার শীলকুপ ও সরলের মধ্যবর্তী সীমায় অবস্থিত জালিয়াখালী নতুন বাজারে মঙ্গলবার রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫টি দোকানের সম্পূর্ণ মালামাল ও গ্যারেজে থাকা ১২টি অটোরিকশা-টমটম পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত দোকান, অটোরিকশা ও টমটম মালিকেরা জানান। 

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার (৫ ডিসেম্বর) গভীর রাতে শীলকুপ ও সরলের মধ্যবর্তী সীমায় অবস্থিত জালিয়াখালী বাজারের উত্তর অংশে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। 

অগ্নিকাণ্ডের খবর পেয়ে বাঁশখালী ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে পুড়ে শেষ হয়ে যায় অর্ধকোটির মালামাল। বাঁশখালী ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স স্টেশনের টিম লিডার নুরুল বাশার বলেন, ‌‌‘অগ্নিকাণ্ডের খবর পেয়ে আমরা দ্রুতই ঘটনাস্থলে পৌঁছাই। আমাদের দুটি পৃথক ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এ ঘটনায় কিছুই রক্ষা করা সম্ভব হয়নি। ক্ষতিগ্রস্তদের তথ্যমতে ক্ষয়ক্ষতির পরিমাণ ৬০ লক্ষাধিক টাকা।

বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারনা করছে ফায়ার সার্ভিসের সদস্যরা। মনকিচর জালীয়াখালী নতুন বাজার ব্যবসায়ী সমবায় সমিতির নেতারা বলেন, যাদের দোকান পুড়ছে এখানের সবাই অসহায়। ঋণের টাকায় অটোরিকশা-টমটম কিনে যারা সংসার চলাত, তাদের স্বপ্ন পুড়ে ছাই হয়ে গেছে। ক্ষতিগ্রস্তদের সহায়তায় এগিয়ে আসতে প্রশাসন ও বিত্তবানদের আহ্বান জানান তারা। 

এদিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে শীলকুপের চেয়ারম্যান কায়েশ সরওয়ার সুমন ঘটনাস্থলে গিয়ে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সাথে দেখা করেন এবং তাদের পরিষদ ও প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার ব্যবস্থা করবেন বলে জানান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত