আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের এক বছরেরও কম সময় বাকি আছে। এ নির্বাচনে লড়ার ঘোষণা দিয়ে রেখেছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই ঘোষণার পর বর্তমান প্রেসিডেন্ট ৮১ বছর বয়সী জো বাইডেনও নির্বাচনে লড়ার ঘোষণা দেন। ইতিমধ্যে বয়সজনিত নানা প্রতিবন্ধকতায় জর্জরিত এই প্রেসিডেন্ট। প্রায়ই হোঁচট খান, কথা গুলিয়ে ফেলেন, লোকজনের নাম-পদবী ভুলে যান। তাই প্রশ্ন উঠছে তবুও নির্বাচনে কেন দাঁড়াচ্ছেন তিনি?
এই প্রশ্নের জবাব এবার নিজেই দিলেন বাইডেন, জানালেন, ট্রাম্প নির্বাচন অংশগ্রহণ না করলে হয়তো তিনিও নির্বাচনে অংশগ্রহণ করতেন না। গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার এক বক্তৃতায় বাইডেন বলেন, ‘ট্রাম্প যদি নির্বাচনে অংশ গ্রহণের ঘোষণা না দিতেন, তবে আমিও হয়তো ২০২৪ সালে নির্বাচনে অংশ নিতে চাইতাম না। আমরা তাকে (ট্রাম্প) জিততে দিতে পারি না।’
বিশ্লেষকরা বলছেন, মার্কিন প্রেসিডেন্টের এই মন্তব্যে এটা পরিষ্কার যে, বাইডেন দ্বিতীয় মেয়াদে হয়তো নির্বাচন করতে চাইতেন না যদি না ট্রাম্প আবারও নির্বাচন করার সিদ্ধান্ত না নিতেন। কারণ বাইডেন বরাবরই বলে আসছেন, ট্রাম্পের কাছ থেকে দেশকে রক্ষা করার জন্য ২০২৪ সালের নির্বাচনকে তিনি গণতন্ত্রের প্রতিরক্ষা হিসেবে দেখছেন।
সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ক্যাপিটল হিলের হামলা, বিগত নির্বাচনে কারচুপির চেষ্টা, দুর্নীতি ও নারী কেলেঙ্কারির একাধিক মামলা চলমান। এসব মামলায় দণ্ডিত হলে ট্রাম্প নির্বাচন করতে পারবেন কি না, তা এখনো নিশ্চিত নয়।
অপরদিকে, করোনা মহামারি, রাশিয়া-ইউক্রেন এবং ইসরাইল-হামাস যুদ্ধসহ নানা কারণে মার্কিন অর্থনীতিতে বিপর্যয় দেখা দেওয়ায় জনপ্রিয়তা অনেকটাই কমেছে বাইডেনের। এ অবস্থায় ২০২৪ সালের নভেম্বরে মার্কিন নির্বাচনে কে কে প্রেসিডেন্ট প্রার্থী হচ্ছেন তা নিশ্চিতভাবে জানার জন্য আরও কিছুদিন অপেক্ষা করতে হবে।
