প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন প্রণব মুখোপাধ্যায়, আস্থা পাননি সোনিয়া!

আপডেট : ০৬ ডিসেম্বর ২০২৩, ০৯:১৩ পিএম

ভারতের প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন দেশটির প্রাক্তন রাষ্ট্রপতি ও কংগ্রেস নেতা প্রণব মুখোপাধ্যায়। কিন্তু সোনিয়া গান্ধী নিজের পরিবারের স্বার্থ সুরক্ষিত করতে চেয়েছিলেন। তাই এমন একজনকে প্রধানমন্ত্রী করেছিলেন, যাতে তার কর্তৃত্ব চ্যালেঞ্জের মুখে না পড়ে।

আগামী সোমবার প্রণব মুখোপাধ্যায়কে নিয়ে লেখা ‘প্রণব মাই ফাদার-  অ্যা ডটার রিমেমবার্স’ প্রকাশের আগে এমন কথাই বললেন লেখিকা শর্মিষ্ঠা মুখোপাধ্যায়। 

শর্মিষ্ঠা জানান, তার বাবা প্রণব মুখোপাধ্যায় প্রতিদিন নিয়ম করে ডায়েরি লিখতেন। মৃত্যুর আগে সব ডায়েরি মেয়েকে দিয়ে গেছেন। তা ছাড়া বাবার সঙ্গে ব্যক্তিগত কথোপকথনের সূত্রেও অনেক কিছুই জানা আছে শর্মিষ্ঠার। এসব বিষয় নিয়েই বইটি লিখেছেন তিনি।

বইটি আনুষ্ঠানিক ভাবে প্রকাশিত হওয়ার আগে প্রণব মুখোপাধ্যায়ের রাজনৈতিক ইচ্ছা ও উচ্চাকাঙ্খা নিয়ে কথা বলেন শর্মিষ্ঠা। তার কথায়, ‘বাবা প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন। আমিও বাবাকে একবার জিজ্ঞেস করেছিলাম, তুমি কি প্রধানমন্ত্রী হতে চাও?’

শর্মিষ্ঠার দাবি, প্রণব মুখোপাধ্যায় তাকে বলেছিলেন, ‘যে কোনও সিরিয়াস রাজনীতিক প্রধানমন্ত্রী হতে চাইবেন। কিন্তু তার মানে এই নয় যে তিনি শেষমেশ প্রধানমন্ত্রী হতে পারবেন।’ শর্মিষ্ঠার কথায়, বাবা জানতেন যে উনি কখনও প্রধানমন্ত্রী হতে পারবেন না। তাই এ ব্যাপারে তার কোনও ভুল ধারণা ছিল না।

শর্মিষ্ঠা আরও জানান, তার বাবা মনে করতেন তাকে প্রধানমন্ত্রী করলে কর্তৃত্ব চ্যালেঞ্জের মুখে পড়ার আশঙ্কা ছিল সোনিয়া গান্ধীর। রাজনীতিতে সবাই আগে নিজের স্বার্থ সুরক্ষিত করতে চান। সোনিয়াও নিজের পরিবারের স্বার্থ সুরক্ষিত করতে চেয়েছিলেন। তাই এমন একজনকে প্রধানমন্ত্রী করেছিলেন, যাতে তার কর্তৃত্ব ঠিক থাকে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত