মুন্সীগঞ্জের গজারিয়ায় ফসলি জমিতে আগুন, গ্রাম সালিশে বিচারের রায়ের টাকা চাইতে গিয়ে হামলার শিকার হয়েছেন কৃষক। ঘটনাটি উপজেলার বালুয়াকান্দী ইউনিয়নের মুদারকান্দী গ্রামে।
ভুক্তভোগী ও স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, গত রবিবার (০৩ ডিসেম্বর) দুপুরে রফিকুল পূর্বশক্রতার জেরে স্থানীয় কৃষক নাজমুল হোসেনের করলা ক্ষেতে আগুন লাগিয়ে দেয়। এতে আশপাশের লাউ, মিষ্টি কুমরা, রসুন, করলাসহ ৫/৬ বিঘা জমির ফলস পুড়ে প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়।
ভুক্তভোগী নাজমুল হোসেন জানান, তারা আমার জমি বর্গা নিতে চেয়েছিল। কিন্তু এবার সবজি চাষ ভালো হওয়ায় আমি নিজেই চাষ করি। সেই আক্ষেপ থেকেই তারা আমার ক্ষেতে আগুন দেয়। পরবর্তীতে গ্রামের মেম্বার ও মাতব্বরদের হস্তক্ষেপে বিচার মেনে নিই। গতকাল বুধবার ক্ষতিপূরণের টাকা দেওয়ার কথা ছিল। কিন্তু তারা টাকা না দিয়ে উল্টো সহিদ, হাজি শফিক, রফিকুল আমার ওপর হামলা চালিয়ে মারধর করে ও প্রাণনাশের হুমকি দেয়।
অভিযুক্ত হাজি শফিক বলেন, আমরা গতকালই ক্ষতিপূরণের টাকা গ্রামের মেম্বারের কাছে পৌঁছে দিয়েছি। বিষয়টি সমাধান হয়েছে।
উপজেলা কৃষি কর্মকর্তা ফয়সাল বিন আরাফাত বলেন, আমরা ঘটনাটি শুনেছি। এ বিষয়ে অভিযোগ পেলে ক্ষতিগ্রস্ত কৃষকদের সাথে কথা বলে ও সরজমিন গিয়ে ক্ষতির পরিমাণ নির্ণয় করতে পারব।
গজারিয়া থানার পরিদর্শক (অপারেশনস) আবুল কালাম জানান, অভিযোগ পেয়েছি। তদন্তসাপেক্ষে ব্যবস্থা নেব।
