বিএনপির মানববন্ধন থেকে আসামি গ্রেপ্তারে বাধা নেই: ডিবি প্রধান

আপডেট : ০৭ ডিসেম্বর ২০২৩, ০৭:১৯ পিএম

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ বলেছেন, ‘অনুমতি না নিয়ে বিভিন্ন মামলার আসামিরা যদি মানববন্ধন করার চেষ্টা করে, তাহলে আসামিদের গ্রেপ্তারে কোনো বাধা নেই।

আজ বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) দুপুরে রাজধানীর মিন্টো রোডে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

ডিবি প্রধান বলেন, ‘যদি কোনো দল ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি না নিয়ে জোর করে ওই সব মামলার আসামিরা মানববন্ধন করতে চায়, আমাদের আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর যে রুটিন কাজ―বিভিন্ন মামলার আসামি, ওয়ারেন্টের আসামি তাদের গ্রেপ্তারে আমাদের কোনো বাধা নেই।’

মানববন্ধনের বিষয়ে বিএনপি নির্বাচন কমিশনের অনুমতি নিয়েছে কি না জানতে চাইলে ডিবি প্রধান বলেন, ‘অনুমতি নিয়েছে কি না বলতে পারছি না। তবে আমার মনে হয়, ‘নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল মেনে তারা তো নির্বাচন করছে না। সে ক্ষেত্রে নির্বাচন কমিশনের তোয়াক্কা করবে কেন? তারা নির্বাচন করলে অনুমতি নিত। তারা নির্বাচন না করে নির্বাচন বানচাল করতে, বাধাগ্রস্ত করতে চেষ্টা করছে। তাই আমরা মনে করি, আমাদের আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর কাজ হচ্ছে মানুষের জানমালের ক্ষতি যেন কেউ না করতে পারে, অবাধ ও সুষ্ঠু নির্বাচনে কেউ যেন বাধা সৃষ্টি করতে না পারে, সেদিকে খেয়াল রাখা। পাশাপাশি আমাদের নিয়মিত কাজ বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেপ্তার করা।’

তিনি বলেন, ‘তফসিল ঘোষণার পর থেকে আমরা নির্বাচন কমিশনের নির্দেশনায় কাজ করছি। যারা নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চায়, সুষ্ঠু নির্বাচনের অন্তরায় হয়ে বিভিন্ন জায়গায় গাড়িতে আগুন লাগানো, যানবাহন চলায় বাধা, পুলিশের ওপর হামলা, রাজারবাগ হাসপাতালের গাড়ি ভাঙচুর, প্রধান বিচারপতির বাসভবনে হামলা করেছে, তারাই কিন্তু এখন আবার অবরোধ ডেকে নাশকতা করছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত