গাজীপুরের কাপাসিয়ার টোক নয়ন বাজারে খাসজমি দখল করে মার্কেট নির্মাণের প্রতিযোগিতা চলছে। সংশ্লিষ্ট প্রভাবশালী মহলের ছত্রছায়ায় দিনের বেলা নির্মাণকাজ না করে রাতের আঁধারে ৫-৭ দিনের মাঝেই নির্মিত হচ্ছে বিশাল বিশাল মার্কেট। এ ব্যাপারে ওই ইউনিয়নের চেয়ারম্যান বাদী হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনারের (ভূমি) কাছে অভিযোগ করলেও নির্মাণকাজ বন্ধ রাখেনি খাসজমির দখলদার ও তাদের দোসররা।
সরেজমিনে দেখা যায়, কাপাসিয়া উপজেলা সদর থেকে প্রায় ২১ কিমি উত্তর সীমান্তে টোক নয়ন বাজারে প্রায় ৪ বিঘা খাসজমির অধিকাংশ জায়গা স্থানীয় প্রভাবশালী মহল দখল করে পাকা ও আধা পাকা দোকানঘর নির্মাণ করেছে। টোক-কিশোরগঞ্জ সড়ক থেকে ইউপি কার্যালয়ে প্রবেশপথের পশ্চিম পাশে প্রায় ৫০ ফুট দৈর্ঘ্য ও ৪০ ফুট প্রশস্ত খাসজমিতে ৪টি আধা পাকা দোকানের নির্মাণকাজ চলমান। এ ঘরগুলো স্থানীয় স্বপন চন্দ্র, বলাই চন্দ্র ও মো. মামুন প্রমুখ গভীর রাতে নির্মাণ করেছেন বলে স্থানীয়রা অভিযোগ করেন। এর আগে প্রবেশপথের পূর্ব পাশে স্থানীয় চাঁন মিয়া, মো. সফিকুল, মো. মোখলেছ, গৌড়াঙ্গ চন্দ্র প্রমুখ ১৩টি দোতলা দোকানঘর নির্মাণ করেছেন।
টোক ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য আব্দুস সালাম চাঁন মিয়া জানান, টোক নয়ন বাজারটি সুলতানী আমল থেকেই একটি ঐতিহাসিকভাবে প্রসিদ্ধ জায়গা। এ বাজারের বিস্তৃতি প্রায় ৩০ বিঘা জমির ওপর। এর মধ্যে প্রায় চার বিঘা জমি রয়েছে ১ নম্বর খাস খতিয়ানের অন্তর্ভুক্ত। গত ১০-১৫ বছরের মধ্যে এ বাজারের অধিকাংশ খাসজমি দখল করে ছোট-বড় শতাধিক ঘর নির্মাণ করে নিয়েছে প্রভাবশালী মহল। বিশেষ করে টোক নয়ন বাজারের গরুর হাটের বিশাল মাঠটি দখল করে ৩০-৩৫টি ঘর নির্মাণ করেছেন তারা। তাছাড়া কাঁচাবাজার ও ইউপি কার্যালয়ের প্রবেশপথের দুপাশে সম্প্রতি ২৫-৩০টি ঘর নির্মাণ করে বিভিন্ন মহল।
ওই বাজারে প্রায় ৩৫ বছর ধরে শ্রমের কাজ করছেন মো. শামসুদ্দিন। তিনি জানান, সম্প্রতি এ বাজারে খাসজমি দখল করে দোকানঘর নির্মাণের প্রতিযোগিতা চলছে। দখলদাররা চারপাশে টিনের বেড়া দিয়ে গভীর রাতে ২০-২৫ জন রাজমিস্ত্রি নিয়োজিত করে কেউ কিছু বুঝে ওঠার আগে ৫-৭ দিনের মধ্যেই ঘর নির্মাণ করে ফেলে।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একজন গণমাধ্যমকর্মী জানান, আব্দুল হান্নান বাবুল একাধারে তিন দফায় টোক নয়ন বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক নির্বাচিত হয়ে এবং চলতি অর্থবছরসহ দুই দফা এ বাজার ইজারা নিয়ে মোটা অঙ্কের টাকার বিনিময়ে খাসজমি দখল করে ঘর বানিয়ে দিচ্ছেন। এ বিষয়ে এ বাজারের প্রাণকেন্দ্রে অবস্থিত উপসহকারী ভূমি কর্মকর্তার কাছে একাধিকবার অভিযোগ করলেও তিনি রহস্যময় ভূমিকা পালন করেন।
এ বিষয়ে টোক নয়ন বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ও ইজারাদার আব্দুল হান্নান দাবি করেন, তিনি কোনো ব্যবসায়ীর কাছ থেকেই কোনো টাকান্ডপয়সা নেননি। একটি মহল তার সুনাম ক্ষুণœ করার জন্য অপপ্রচার চালাচ্ছে।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) রিফাত নূর মৌসুমী জানান, তিনি এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা নির্বাচনী দায়িত্ব নিয়ে চরম ব্যস্ত সময় পার করছেন। এই সুযোগকে কাজে লাগিয়ে একটি দুষ্টচক্র খাসজমি দখল করে ঘর নির্মাণের অভিযোগ পেয়েছেন। আগামী কয়েক দিনের মধ্যেই সেগুলো উচ্ছেদের আশ্বাস দেন তিনি।
