৫
দেশে গত মাসের তুলনায় চলতি মাসের প্রথম সাত দিনের গড় হিসেবে ডেঙ্গুতে মৃত্যু তিনগুণ ও রোগী দ্বিগুণ কমেছে। ডিসেম্বরের গত সাত দিনে মারা গেছে ২১ জন ও হাসপাতালে রোগী ভর্তি হয়েছে ৪ হাজার ২৬৯ জন। অর্থাৎ দৈনিক গড়ে মারা গেছে তিনজন, রোগী ৬০৯ জন। নভেম্বরে মারা গেছে ২৭৪ জন, রোগী ছিল ৪০ হাজার ৭১৬ জন। দৈনিক গড়ে মারা গেছে নয়জন, আর রোগী ১ হাজার ৩৫৭ জন।
অবশ্য চলতি বছরের এখন পর্যন্ত হিসেবে সর্বোচ্চ আক্রান্ত ও মৃত্যুর মাস সেপ্টেম্বরের তুলনায় গত সাত দিনে মৃত্যু ও রোগী চার গুণ কমেছে। সেপ্টেম্বরে মারা গেছে ৩৯৬ জন। দৈনিক গড় মৃত্যু ছিল ১৩ জন। রোগী ছিল ৭৯ হাজার ৫৯৮ জন ও অর্থাৎ দৈনিক গড়ে ২ হাজার ৬৫৩ জন।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ৫৩৭ জন রোগী ভর্তি হয়েছে। তাদের মধ্যে ঢাকার বাইরে ভর্তি হয়েছে ৪২৯ জন, বাকি ১০৮ জন ঢাকায়।
গত ২৪ ঘণ্টায় ঢাকা ও ঢাকার বাইরে একজন করে দুজন মারা গেছে। এ নিয়ে চলতি বছরের এ পর্যন্ত মারা গেছে ১ হাজার ৬৪৩ জন। তাদের ঢাকায় মারা গেছে ৯৪৯ জন, যা মোট মৃত্যুর ৫৮ শতাংশ। বাকি ৬৯৪ জন বা ৪২ শতাংশ মারা গেছে ঢাকার বাইরে। মৃত্যু হার শূন্য দশমিক ৫ শতাংশ।
মৃতদের মধ্যে নারী ৯৪০ জন, যা মোট মৃত্যুর ৫৭ শতাংশ। নারীদের মধ্যে আক্রান্তের হার ৬০ শতাংশ।
