আড়াইহাজারে কামরুল হাসান তুষার (২৫) নামে ছাত্রলীগের সাবেক এক নেতাকে লক্ষ্য করে গুলি করা হয়েছে। অল্পের জন্য প্রাণে বেঁচে গেলেও তার পায়ে গুলি লাগে। গতকাল শুক্রবার বিকেল সোয়া ৫টার দিকে উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের বালিয়াপাড়া বাজার এলাকায় যুবলীগের অফিসের সামনের সড়কে এ ঘটনা ঘটে। মাদকবিরোধী সমাবেশে নেতৃত্ব দেওয়ায় মাদক কারবারিরা ক্ষিপ্ত হয়ে তাকে লক্ষ্য করে গুলি করেছে বলে তুষার অভিযোগ করেন।
ব্রাহ্মন্দী ইউনিয়ন ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল হাসান তুষার অভিযোগ করে বলেন, গত ৪ অক্টোবর রাতে উপজেলা আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন বালিয়াপাড়া বাজার এলাকায় দলীয় কার্যালয়ে নেতাকর্মীদের সঙ্গে আলোচনা শেষে রিকশায় করে বাড়ি ফিরছিলেন। বাড়ির কাছাকাছি পৌঁছালে মুখোশধারী একদল দুর্বৃত্ত ধারালো অস্ত্র নিয়ে তার শরীরের বিভিন্ন স্থানে জখম করে। এজন্য ব্রাহ্মন্দী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সদস্য ও পুলিশের তালিকাভুক্ত মাদক কারবারি সোহেল মিয়াসহ তার অনুসারীদের দায়ী করে লাগাতার যুবলীগ, ছাত্রলীগ, স্থানীয় আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেন। বিক্ষোভ মিছিলে তুষার জোরালো ভূমিকার রাখায় মাদক কারবারিরা তাকেও নানাভাবে হুমকি-ধমকি দিয়ে আসছিল। শুক্রবার বালিয়াপাড়া যুবলীগের দলীয় কার্যালয় থেকে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি করতে থাকে। দ্রুত পাশের বাড়ির ভেতর প্রবেশ করলে অল্পের জন্য প্রাণে বেঁচে যান তুষার। একটি গুলি পায়ের নিচের অংশে লেগে চলে যায়। এ ঘটনায় তিনি সোহেল মেম্বারকে দায়ী করেন।
এ ব্যাপারের ব্রাহ্মন্দী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সদস্য সোহেল মিয়ার সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি কল রিসিভ করেননি।
আড়াইহাজার থানার ওসি আহসান উল্লাহ বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
