দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-২ আসনের স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলামের গণসংযোগ নৌকা প্রতীকের সমর্থকদের বাধায় পন্ড হয়ে গেছে। গতকাল শুক্রবার রাতে টঙ্গীর চেরাগআলী এলাকায় এ ঘটনা ঘটে। সাইফুল ইসলাম গাজীপুর মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক। ওই আসনে নৌকার প্রার্থী বর্তমান এমপি যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। নৌকার বিরুদ্ধে আওয়ামী লীগের দুই স্বতন্ত্র প্রার্থী নির্বাচনী লড়াইয়ে নেমেছেন। অপর স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহসভাপতি কাজী আলীম উদ্দিন বুদ্দিন।
স্থানীয় সূত্রে জানা গেছে, স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম তার সমর্থকদের নিয়ে এলাকায় গণসংযোগে বের হলে নৌকার স্লোগান দিয়ে তাদের মুখোমুখি হয় আরেকটি দল। এতে সাইফুলের গণসংযোগ পন্ড হয়ে যায়। তিনি ঘটনাস্থল ত্যাগ করেন।
রাতে সাইফুল ইসলাম স্থানীয় সাংবাদিকদের বলেন, ‘নৌকা প্রতীকের লোকেরা আমাকে গণসংযোগে বাধার সৃষ্টি করায় আমার স্বাভাবিক কার্যক্রমে মারাত্মক বিঘœ ঘটেছে। আমার ও আমার সঙ্গে থাকা নেতাকর্মীদের ঘিরে ধরে গণসংযোগে বাধা দিতে থাকলে আমি বিব্রত অবস্থার মুখোমুখি হই। আমার নেতাকর্মীদের এখন জীবন হুমকিতে। আমি এই হীন তৎপরতার তীব্র নিন্দা জানাচ্ছি।’
সাইফুলের সমর্থকরা অভিযোগ করেন, তাদের গণসংযোগে ছাত্রলীগের নেতাকর্মীরা বাধা দিয়েছে। তবে গাজীপুর মহানগর ছাত্রলীগের সভাপতি মশিউর রহমান সরকার বাবু অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেছেন, ওই ঘটনায় ছাত্রলীগের কেউ ছিল না।
