প্রেসিডেন্ট নির্বাচনে লড়বেন নিশ্চিত করলেন পুতিন

আপডেট : ০৯ ডিসেম্বর ২০২৩, ০১:২১ পিএম

রাশিয়ায় ২০২৪ সালের মার্চে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার বিষয়টি নিশ্চিত করেছেন বর্তমান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তার শাসনের মেয়াদ বাড়াতে গত শুক্রবার (৮ ডিসেম্বর) নির্বাচনে লড়ার সিদ্ধান্ত জানিয়ে দেন তিনি।  

সংবাদমাধ্যম আল জাজিরার ভাষ্য, রাষ্ট্রপতি হিসাবে পুতিনের পঞ্চম মেয়াদে জয়লাভ করা প্রায় নিশ্চিত, যার ফলে প্রতিবেশী ইউক্রেনে রাশিয়ার আক্রমণ অব্যাহত থাকার সুযোগ তৈরি হবে। এই নির্বাচনে জিতলে তিনি ২০৩০ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার সুযোগ পাবেন। ২০২০ সালে রাশিয়ার সংবিধান সংশোধন করে প্রেসিডেন্টের মেয়াদ চার থেকে ছয় বছর পর্যন্ত বাড়ানো হয়।

গত বৃহস্পতিবার রাশিয়ার আইন প্রণেতারা প্রেসিডেন্ট নির্বাচনের তারিখ নির্ধারণ করেছেন। সে অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে ২০২৪ সালের ১৭ মার্চ। তারিখ নির্ধারণের সিদ্ধান্তটি ফেডারেশন কাউন্সিলে সর্বসম্মতিক্রমে ১৬২ ভোটে পাস হয়েছে।

উল্লেখ্য, গত ৭ অক্টোবর ৭১ বছরে পা দিয়েছেন পুতিন। ১৯৯৯ সালের শেষ দিকে বরিস ইয়েলৎসিন পুতিনের হাতে রাশিয়ার দায়িত্ব হস্তান্তর করেছিলেন। তখন তিনি এক বছর ছিলেন রাশিয়ার প্রধানমন্ত্রী, এরপর ২০০০ থেকে ২০০৮ পর্যন্ত হন প্রেসিডেন্ট। ২০০৮-২০১২ পর্যন্ত আবার প্রধানমন্ত্রীর পদে আসেন পুতিন। জোসেফ স্টালিনের পর থেকে পুতিনই সবচেয়ে বেশি সময় রাশিয়ার ক্ষমতায় আছেন।

 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত