স্বতন্ত্রের নাম ভুলে গিয়ে ওরা বলবে শেখ হাসিনা-নৌকা : আ.লীগ নেতা

আপডেট : ০৯ ডিসেম্বর ২০২৩, ০৯:৪০ পিএম

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দলীয় স্বতন্ত্র প্রার্থীর নাম ভুলিয়ে দেওয়া হবে বলে হুমকি দিয়েছেন বরগুনার আমতলী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মতিয়ার রহমান। শনিবার দুপুরে তালতলী উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় তিনি এ হুমকি দেন। তার এমন বক্তব্য অংশগ্রহণমূলক সুষ্ঠু নির্বাচনের জন্য হুমকি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থীরা। 

আজ শনিবার বেলা ১০ টায় তালতলীর গোডাউন সংলগ্ন কল বাড়িতে উপজেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় বরগুনা-১ আসনের আওয়ামী লীগের মনোনিত প্রার্থী ধীরেন্দ্র দেবনাথ শম্ভুসহ জেলা আওয়ামী লীগের শীর্ষ কয়েকজন নেতা উপস্থিত ছিলেন। সভায় সভাপতিত্ব করেন তালতলী উপজেলা আওয়ামী লীগের সভাপতি রেজবি-উল কবির জোমাদ্দার।

অতিথি হিসেবে না থাকলেও এমপি ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর সফর সঙ্গী হিসেবে উপস্থিত হয়ে সভায় বক্তব্য রাখেন মতিয়ার রহমান। বক্তব্যের একপর্যায়ে মতিয়ার রহমান বলেন, ‘আমতলী তালতলী আওয়ামী লীগ ঐক্যবদ্ধ। চিরুনি অভিযান চালাব, যে চিরুনি অভিযানের মধ্য দিয়ে ওরা কোনো এজেন্ট দিতে পারবে না, ভোট তো দূরের কথা। খেলা শুরু করব ১৮ তারিখে পরে। খেলা শুরু করব। স্বতন্ত্রের নাম ভুলে গিয়ে ওরা বলবে শেখ হাসিনা, নৌকা, বঙ্গবন্ধু, বঙ্গবন্ধু.. ।’ 

মতিয়ার রহমান বক্তব্যে আরো বলেন, উপজেলা কমিটি, পৌর কমিটি, ইউনিয়ন কমিটি এমনকি ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সেক্রেটারি একজনও যদি নৌকার বিরুদ্ধে যেতে পারে তবে আমরা নির্বাচন থেকে সরে যাব। 

বরগুনা-১ আসনের আওয়ামী লীগ নেতা স্বতন্ত্র প্রার্থী গোলাম ছরোয়ার ফোরকান বলেন, ‘অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে কেন্দ্র এবার স্বতন্ত্র প্রার্থীদের নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দিয়েছে। একইসাথে নৌকার মনোয়ন যারা পেয়েছে তাদের জনপ্রিয়তা যাচাইও হবে এই নির্বাচনের মধ্য দিয়ে। কিন্ত দলীয় বর্ধিতসভায় মতিয়ার রহমান যে বক্তব্য রেখেছেন এটা এক প্রকার স্বতন্ত্র প্রার্থীদের হুমকি দেওয়া। তার এমন বক্তব্য কেন্দ্রীয় সিদ্ধান্তের সাথে সাংঘর্ষিক ও পেশী শক্তি প্রদর্শনের সামিল। 

মতিয়ার রহমান মুঠোফোনে দেশ রূপান্তরকে বলেন, ‘এজেন্ট দিতে পারবে না এটা আমি বলেছি। আমি বোঝাতে চেয়েছি আমাদের দলীয় কেউ স্বতন্ত্রেও এজেন্ট হতে পারবে না।’ চিরুনি অভিযান প্রসঙ্গে মতিয়ার রহমান বলেন, আমাদের দলের কেউ স্বতন্ত্রের পক্ষে কাজ করে কিনা- সেটা জানতে চিরুনি অভিযান চালাব বলেছি।

স্বতন্ত্র প্রার্থীরা তাদের এজেন্ট খুঁজে পাবে না এমন মন্তব্যের বিষয় তিনি বলেন, যাদের সমর্থন নাই তারা এজেন্ট তো খুঁজেই পাবে না।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত