ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ জয়ের হাতছানি থাকলেও সমতায় শেষ করেছে বাংলাদেশ। এবার কিউইদের মাটিতে সাদা বলের লড়াই। যার জন্য প্রথম দফায় বাংলাদেশ দলের একটি একটি বহর দেশ ছেড়েছে।
গতকাল শনিবার রাত ১১টা ৫৫ মিনিটের ফ্লাইটে বাংলাদেশের প্রথম বহরে ছিলেন নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে না খেলা ক্রিকেটার। যে দলে আছেন লিটন দাস, আফিফ হোসেন, সৌম্য সরকার, মুস্তাফিজুর রহমান, তানজিদ হাসান তামিম, তানজিম হাসান সাকিব ও রিশাদ হোসেনরা। তাদের সঙ্গে গিয়েছেন সহকারী কোচ নিক পোথাসও। প্রথম বহরে আগামীকাল বাকি ক্রিকেটারদেরও নিউজিল্যান্ডের বিমান ধরার কথা রয়েছে।
এছাড়াও গতকাল দেশ ছেড়েছেন তাওহীদ হৃদয়, এনামুল হক বিজয়, রাকিবুল হাসান ও মুশফিক হাসানরা। টেস্ট সিরিজ খেলা ক্রিকেটারদের কিছুটা বিশ্রাম দিয়ে পরের বহরে পাঠানো হবে।
দেশটিতে পা রেখে দুদিন অনুশীলন করবে সফরকারী বাংলাদেশ। এরপর সিরিজ শুরুর আগে ১৪ ডিসেম্বর একটি প্রস্তুতি ম্যাচও খেলার কথা রয়েছে আফিফ-লিটনদের।
আগামী ১৭ ডিসেম্বর হবে দু’দলের প্রথম ওয়ানডে। বাকি দুই ওয়ানডে হবে ২০ ও ২৩ ডিসেম্বর। দ্বিতীয় ওয়ানডে নেলসনে এবং শেষ ম্যাচ হবে নেপিয়ারে। এরপর অনুষ্ঠিত হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। সেগুলো হবে যথাক্রমে ২৭, ২৯ এবং ৩১ ডিসেম্বর।
সাকিব আল হাসানের অনুপস্থিতিতে দুই ফরম্যাটেই দলকে নেতৃত্ব দেবেন নাজমুল হোসেন শান্ত।
বাংলাদেশের ওয়ানডে স্কোয়াড: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, এনামুল হক বিজয়, তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, লিটন দাস, আফিফ হোসেন ধ্রুব, সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, হাসান মাহমুদ, রিশাদ হোসেন, রাকিবুল হাসান।
টি-টোয়েন্টি স্কোয়াড: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন দাস, রনি তালুকদার, তাওহীদ হৃদয়, শামীম হোসেন, আফিফ হোসেন ধ্রুব, সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, শেখ মেহেদী হাসান, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, রিশাদ হোসেন, তানভীর ইসলাম এবং তানজিম হাসান সাকিব।
