নকশা অনুযায়ী মাঠ, পার্ক নির্মাণ করতে হবে : মেয়র আতিক

আপডেট : ১০ ডিসেম্বর ২০২৩, ০৯:১৩ পিএম

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম বলেছেন, বিভিন্ন হাউজিং কোম্পানি ও ডেভেলপার কোম্পানিগুলো নকশায় মাঠ, পার্ক ও ফাঁকা জায়গা দেখিয়ে অনুমোদন নেয়। প্লট বিক্রির সময় তারা নকশায় খেলার মাঠ, পার্ক, ওয়াকওয়ে ও বাজার দেখিয়েছে। কিন্তু অত্যন্ত দুঃখজনক জায়গার দাম বাড়ায় তারা খেলার মাঠ ও বাজারও প্লট আকারে বিক্রি করে দেয়। আমি ইস্টার্ন হাউজিংকে বলেছি নকশা অনুযায়ী খেলার মাঠ, পার্ক ও কবরাস্থান নির্মাণ করতে হবে।

আজ রবিবার (১০ ডিসেম্বর) দুপুরে ডিএনসিসির ৬নং ওয়ার্ডের ইস্টার্ন হাউজিং এলাকায় খেলার মাঠ, পার্ক ও কবরাস্থান পরিদর্শনকালে মেয়র মো. আতিকুল ইসলাম এসব কথা বলেন। এসময় তিনি আরও বলেন, আজকে পরিদর্শনে এসে দেখলাম জনগণের জন্য একটি পার্ক, কবরাস্থান ও খেলার মাঠ নির্মাণ করা হয়েছে। আমাদের ভবিষ্যৎ প্রজন্মের বিকাশের জন্য এগুলো খুবই গুরুত্বপূর্ণ। অতএব ডেভেলপার কোম্পানিকে নকশা অনুযায়ী মাঠ ও পার্ক নির্মাণ করতে হবে।'

ডিএনসিসি মেয়র বলেন, ইস্টার্ন হাউজিং এলাকার টেকসই উন্নয়নের জন্য ইতিমধ্যে একটি প্রকল্প নেওয়া হয়েছে। দ্রুতই ড্রেনেজ, রাস্তা, ফুটপাত ও ব্রিজের কাজ শুরু হবে। এই এলাকায় একের পর এক বড় বড় ভবন নির্মাণ হচ্ছে। কিন্তু আমাদের শিশুদের মানসিক বিকাশের জন্য মাঠ ও পার্ক নির্মাণ করতে হবে। শুধু ভবন নির্মাণ করলে ভবিষ্যৎ প্রজন্মের মানসিক বিকাশ হবে না। আজ যে পার্ক ও মাঠ পরিদর্শনে আসলাম আগেও আমি এখানে এসেছিলাম। তখন এখানে ময়লার ভাগাড় ছিল, নির্মাণ সামগ্রী রেখে এটি দখল করা ছিল, এখানে গরু লালন পালন করা হতো। দখলমুক্ত করে আজ পার্ক ও খেলার মাঠ জনগণের জন্য উন্মুক্ত করে দেওয়া হলো। সবাই এখানে খেলাধুলা করবে। 

পরিদর্শনকালে অন্যান্যের সঙ্গে আরও উপস্থিত ছিলেন ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা, তত্ত্বাবধায়ক প্রকৌশলী খন্দকার মাহবুব আলম, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মো. জিয়াউর রহমান, ৬নং ওয়ার্ড কাউন্সিলর মো. তাইজুল ইসলাম চৌধুরী (বাপ্পি) প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত