ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় গত ২৪ ঘন্টায় আরও প্রায় ৩০০ জন নিহত হয়েছেন। এতে করে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা ছাড়িয়ে গেছে ১৮ হাজার।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স এবং সংবাদমাধ্যম আল জাজিরা।
প্রতিবেদনে বলা হয়, গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, বিগত ৬৩ দিন ধরে চলা ইসরায়েলি আগ্রাসনে অবরুদ্ধ ফিলিস্তিনি ভূখণ্ড গাজায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭ হাজার ৯৯৭ জনে। নিহতদের মধ্যে অর্ধেকের বেশি নারী ও শিশু।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানিয়েছে যে, দখলদার ইসরায়েলি বাহিনীর বর্বর ও নির্বিচার হামলায় আহত ফিলিস্তিনিদের সংখ্যাও পৌঁছেছে প্রায় ৫০ হাজারে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল-কুদরা আল জাজিরাকে জানিয়েছেন যে, গাজায় গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় ২৯৭ জন নিহত এবং আরও ৫৫০ জনেরও বেশি আহত হয়েছেন।
রোববার ফিলিস্তিনের অবরুদ্ধ এই ভূখণ্ডজুড়ে ইসরায়েলি অভিযান অব্যাহত ছিল। এছাড়া উত্তর গাজাসহ বিমান হামলায় সমতল হয়ে যাওয়া এলাকাগুলোতে এবং স্থল অভিযান চালানো এলাকাগুলোতেও ইসরায়েলি সেনারা হামাস যোদ্ধাদের কাছ থেকে প্রবল প্রতিরোধের মুখোমুখি হচ্ছে।
