দেশের সর্বনিম্ন তাপমাত্রা বদলগাছীতে ১১.৪ ডিগ্রি

  • উত্তরাঞ্চলে ঘন কুয়াশা পড়তে পারে
  • দেশের সর্বনিম্ন তাপমাত্রা বদলগাছীতে ১১.৪ ডিগ্রি সেলসিয়াস
  • বর্ধিত পাঁচ দিনে রাতের তাপমাত্রা আরও হ্রাস পেতে পারে
আপডেট : ১১ ডিসেম্বর ২০২৩, ১২:২৪ পিএম

দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে আজ নওগাঁর বদলগাছীতে ১১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। যা চলতি মৌসুমে এখন পর্যন্ত দেশের সর্বনিম্ন তাপমাত্রা।

এ ছাড়া রাজশাহীতে ১২.৩, ঈশ্বরদীতে ১২.৫, তেঁতুলিয়ায় ১৩.১, সৈয়দপুরে ১৩.২, গোপালগঞ্জে ১৩.৪, ডিমলায় ১৩.৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এসব এলাকায় জেঁকে বসেছে শীত। উত্তরের হিমেল বাতাসে রাতে বাড়ছে শীতের অনুভূতি।

আজ সোমবার (১১ ডিসেম্বর) সকালে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আজ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এ ছাড়া সারা দেশে রাতের এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে বর্ধিত পাঁচ দিনের আবহাওয়া বলা হয়েছে, রাতের তাপমাত্রা আরও হ্রাস পেতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানায়, মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের উত্তরাঞ্চলে ও নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। 

পূর্বাভাসে বলা হয়েছে, গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে টেকনাফে ৩০ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত