নির্বাচনী আচরণবিধি ভঙ্গে ৯ আওয়ামীলীগ নেতাকে শোকজ

আপডেট : ১১ ডিসেম্বর ২০২৩, ০৮:৩৩ পিএম

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে বরগুনা-১ আসনের বর্তমান সংসদ সদস্য ও আওয়ামীলীগের প্রার্থী ধীরেন্দ্র দেবনাথ শম্ভুসহ ৯ আওয়ামী লীগ নেতাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচন অনুসন্ধান কমিটি।

সোমবার (১১ ডিসেম্বর) বেলা ১১ টার দিকে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার সিফাত আনোয়ার তুমপা বিষয়টি নিশ্চিত করেছেন। এছাড়াও শোকজের চিঠি প্রার্থীদের কাছে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে বলেও জানান তিনি। এদিকে গতকাল রবিবার রাতে বরগুনা-১ (সদর-আমতলী-তালতলী) আসনের নির্বাচনি অনুসন্ধান কমিটি চেয়ারম্যান ও যুগ্ম জেলা ও দায়রা জজ আহমেদ সাঈদ এর স্বাক্ষরে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীসহ ৯ জনকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়।

নোটিশ প্রাপ্তরা হলেন, বরগুনা-১ আসনের বর্তমান সংসদ সদস্য ও আওয়ামীলীগের প্রার্থী ধীরেন্দ্র দেবনাথ শম্ভু, আমতলী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মেয়র মতিয়ার রহমান, কড়ইবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাকের মাঝি, তালতলী উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি রেজবি উল কবির জোমাদ্দার, আমতলী উপজেলা চেয়ারম্যান এম এ কাদের মিয়া, আমতলী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জি এম হাসান, তালতলী উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি মনিরুজ্জামন মিন্টু, বরগুনা সদর উপজেলার ঢলুয়া ইউনিয়নের চেয়ারম্যান আজিজুল হক স্বপন, জেলা শ্রমিক লীগের সভাপতি আব্বাস হোসেন মন্টু মোল্লা।

নোটিশে উল্লেখ করা হয়েছে, গত ৯ ডিসেম্বর সকাল ১০ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত তালতলী খাদ্য-গুদাম সংলগ্ন কালিবাড়িতে উপজেলা আওয়ামীলীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। এতে নির্বাচনী প্রচারণামূলক একটি জনসভা করেন তিনি। এছাড়াও নির্বাচনে জয়লাভ করার উদ্দেশ্য বক্তব্য প্রদান করেন। এতে আচরণ বিধিমালা ২০০৮ ভঙ্গ করেছেন বলে স্বতন্ত্র প্রার্থী গোলাম সরোয়ার টুকুর পক্ষে অ্যাডভোকেট হুমায়ন কবির নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যানের কাছে একটি অভিযোগ দিয়েছেন। অভিযোগে বলা হয়েছে, আমতলী মেয়র মতিয়ার রহমান স্বতন্ত্র প্রার্থী এজেন্ট দিতে পারবে না। ১৮ তারিখের পরে খেলা শুরু হবে, আওয়ামীলীগের বাহিরে কিছু হবে না। এছাড়াও স্বতন্ত্র প্রার্থীদের পা ভেঙ্গে দেবার হুমকি দেন তালতলী উপজেলার কড়ইবাড়িয়া ইউনিয়ন আওয়ামলীগের সাধারণ সম্পাদক বাকের মাঝি। এ বিষয়ে অভিযোগকারী হুমায়ন কবির, স্বতন্ত্র প্রার্থী গোলাম সরোয়ার টুকুসহ দুইজন ব্যক্তি তাদের জবানবন্দি দিয়েছেন।

ঘটনার প্রেক্ষিতে অভিযুক্ত প্রার্থীদের আগামী তিন দিনের ভেতরে অনুসন্ধান কমিটির চেয়ারম্যান বরাবর লিখিত ব্যাখ্যা নির্দেশ দেওয়া হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত