উদ্বোধনের এক বছরের মাথায় সড়কের গাইডওয়ালে ফাটল, ধসের আশঙ্কা

আপডেট : ১২ ডিসেম্বর ২০২৩, ১০:৫৭ পিএম

উদ্বোধনের মাত্র এক বছরের মাথায় মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা সড়কের বিভিন্ন অংশের গাইডওয়ালে ফাটল দেখা দিয়েছে। এতে যেকোনো সময় সড়কের বড় একটি অংশ পার্শ্ববর্তী খালে ধসে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। বিষয়টি নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন এই পথে চলাচলকারী যানবাহন চালক ও যাত্রীরা।

সড়ক ও জনপদ সূত্রে জানা যায়, ৮০ কোটি ৫৮ লাখ টাকা টাকা ব্যায়ে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচর বাসস্ট্যান্ড থেকে গজারিয়া উপজেলা হয়ে লঞ্চঘাট পর্যন্ত রাস্তাটির মানোন্নয়নের কাজের উদ্বোধন করা হয় ২০১৮ সালের ২২ সেপ্টেম্বর। ১২.৬০ কিলোমিটার দীর্ঘ সড়কের প্রশস্তকরণ ও মানোন্নয়ন ছাড়াও চারটি ব্রীজ ও একটি কালভার্ট নির্মাণ করা হয়।

সরেজমিনে মঙ্গলবার (১২ ডিসেম্বর) দুপুরে সড়কটির ঘুরে দেখা যায়, চরপাথালিয়া, শ্রীনগর মোড়, মাথাভাঙ্গা এলাকায় সড়কের পশ্চিম পাশে গাইডওয়াল মূল সড়ক থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। সড়ক এবং গাইডওয়ালের মাঝে সৃষ্টি হয়েছে ৫-৬ ইঞ্চি চওড়া ফাটলের। কোথাও কোথাও গাইডওয়াল নিচে হেলে পড়েছে ফলে যেকোনো মুহূর্তে সড়কের বড় একটি অংশ পার্শ্ববর্তী খালে ধসে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

স্থানীয় বাসিন্দা মনির হোসেন বলেন, ‘আমি নিয়মিত এই সড়কটি ব্যবহার করি। সড়কটি যখন তৈরি করা হয় তখনই এই অংশগুলোতে ফাটল তৈরি হয়েছিল। সে সময় সড়ক ও জনপদ জোড়াতালি দিয়ে এর মেরামত কার্যক্রম শেষ করে। এখন আবার উদ্বোধনের এক বছরের মাথায় বড় বড় ফাটল তৈরি হয়েছে যা থেকে যেকোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।’

সড়কটি ব্যবহারকারী সিএনজি চালক জাহাঙ্গীর বলেন, মাথাভাঙ্গা এলাকায় সড়কের পশ্চিম পাশে বড় বড় ফাটল দেখা দিয়েছে। যে কোনো মুহূর্তে তা ভেঙে খালে গিয়ে পড়তে পারে। আমরা যারা এ পথে গাড়ি চালাই বিষয়টি আমাদের মধ্যে ভীতি সঞ্চার করেছে।

স্থানীয় একটি কারখানার শ্রমিক হালিম মিয়া বলেন, গত কয়েকদিন ধরে বড় বড় ফাটল দেখছি। বিকেল হলে অনেক লোকজন এগুলোর উপর দিয়ে হাঁটাহাঁটি করে, যেকোনো মুহূর্তে এটি ধসে পড়তে পারে।

গজারিয়া সরকারি কলেজের শিক্ষার্থী রুপা আক্তার বলেন, 'দ্রুতই সড়কটি মেরামত করা দরকার। আমরা যারা সড়কটি নিয়মিত ব্যবহার করি আমাদের ভয়ে ভয়ে থাকতে হয়। যেকোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটে যেতে পারে।’

বিষয়টি সম্পর্কে সড়ক বিভাগ নারায়ণগঞ্জের দায়িত্বপ্রাপ্ত উপসহকারী প্রকৌশলী মো. জাকির হোসেন বলেন, ‘আপনাদের কাছ থেকে খবর পেলাম। যে জায়গাগুলোতে ফাটল দেখা দিয়েছে আমরা দ্রুতই সেগুলো মেরামত করে দেব।’

বিষয়টি সম্পর্কে জানতে চাইলে নারায়ণগঞ্জ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী শাহানা ফেরদৌস বলেন, ঘূর্ণিঝড় মিধিলির এবং ঘূর্ণিঝড় মিগজাউমের প্রভাবে টানা বৃষ্টিতে গাইডওয়াল ক্ষতিগ্রস্ত হয়েছে বলে আমার ধারণা। আমি জননিরাপত্তার কথা মাথায় রেখে দ্রুতই এটি মেরামত করার নির্দেশ দিয়েছি।

উল্লেখ্য, ২০২২ সালের ২১ ডিসেম্বর গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সড়কটি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত