বীরগঞ্জে খুরা রোগে এক সপ্তাহে ৩৯ গরুর মৃত্যু 

আপডেট : ১৩ ডিসেম্বর ২০২৩, ০৪:১৩ এএম

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার সাতোর ইউনিয়নে গত এক সপ্তাহে ৩৯টি গরু ও একটি মহিষ মারা গেছে। প্রাণিসম্পদ দপ্তর বলছে, প্রাথমিকভাবে তারা ধারণা করছেন গরুগুলো খুরা রোগে মারা গেছে। হঠাৎ করে একের পর এক গরুর মৃত্যুতে দিশেহারা হয়ে পড়েছেন খামারি ও কৃষকরা। তাদের মধ্যে আতঙ্কও সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত বুধবার রাত থেকে সোমবার রাত পর্যন্ত প্রাণনগর ঘোষপাড়ার বাসিন্দা গোপাল ঘোষ ও আনন্দ ঘোষের খামারের ৩৫টি গরু, গোবিন্দ ঘোষের খামারের ৩টি গরু ও একটি মহিষ এবং গৌতম ঘোষের খামারের একটি গরু মারা যায়। এ ছাড়া ওই এলাকার কয়েকটি খামারে প্রায় অর্ধশত গরু অসুস্থ অবস্থায় রয়েছে।

ক্ষতিগ্রস্ত খামারি গোপাল ঘোষ বলেন, ‘আমার খামারে বর্তমানে বিভিন্ন প্রজাতির ১৩০টি গরু ও মহিষ আছে। গত বুধবার রাতে হঠাৎ করে খামারের কয়েকটি গরু অসুস্থ হয়ে পড়ে। অসুস্থ গরুগুলোর মুখ দিয়ে লালা পড়া শুরু করে। কোনো কিছু বুঝে ওঠার আগেই একে একে গরু ও মহিষ মারা যেতে থাকে। কোন রোগে আক্রান্ত হয়েছে, এখনো নিশ্চিত হতে পারছি না। ২০০০ সাল থেকে গরুর খামার করছি, কিন্তু এ ধরনের সমস্যায় কোনো দিন পড়িনি। হঠাৎ করে চোখের সামনে এতগুলো গরুর মৃত্যুতে খুব খারাপ লাগছে। গত সোমবার রাত পর্যন্ত খামারের ৩৫টি গরুর মৃত্যু হয়েছে।’

একই গ্রামের খামারি গোবিন্দ ঘোষ বলেন, ‘হঠাৎ করে গরু ও মহিষ অসুস্থ হয়ে মারা যাচ্ছে। কয়েকজন চিকিৎসক দিয়ে চিকিৎসা করিয়েও কোনো প্রতিকার পাচ্ছি না। এমনকি উপজেলার প্রাণিসম্পদ কর্মকর্তারাও রোগ ধরতে পারছেন না। এভাবে গরু ও মহিষ মারা যেতে থাকলে তো আমাদের পথে বসতে হবে।’

খবর পেয়ে গত রবিবার জেলা ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ছাড়া নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছে। গতকাল মঙ্গলবার ঢাকা থেকে একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে।

জেলা ভেটেরিনারি অফিসার আশিকা আকবর তৃষা বলেন, ‘গরু ও মহিষের মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, খুরা রোগে আক্রান্ত হয়ে গরু ও মহিষগুলোর মৃত্যু হয়েছে। ঢাকা থেকে বিশেষজ্ঞদের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। খামারি ও কৃষকদের সঙ্গে কথা বলে তাদের সব ধরনের সহযোগিতা দেওয়া হচ্ছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত