ঘটনাটা সবশেষ এশিয়া কাপের। লাহোরে সেদিন শ্রীলঙ্কার বিপক্ষে আফগানিস্তানের বাঁচা-মরার লড়াই। গ্রুপ পর্বের ম্যাচে শেষ বলে ছক্কা হাঁকালে সুপার ফোরে যাওয়ার সুযোগ ছিল আফগানদের। কিন্তু উইকেটে থাকা দুই ব্যাটার ফজল হক ফারুকী ও রশিদ খানকে সে ব্যাপারে কোনো তথ্য দিতে পারেননি দলটির অ্যানালিস্ট মহসিন শেখ। হিসাবের ভুলের ঘটনায় বেশ সমালোচিতও হয়েছিলেন তিনি।
এবার সেই মহসিনকে অ্যানালিস্টের পদে নিয়োগ দিচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ৬ বছর এই পদে থাকা শ্রীনিবাস চন্দ্রশেখরন বিদায় নিয়েছেন বিশ্বকাপ শেষেই। তার জায়গাতেই মহসিন নিউজিল্যান্ড সফর দিয়ে কাজ শুরু করবেন। বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবি পরিচালক ও ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান জালাল ইউনূস। তিনি বলেন, ‘তাকে এক সিরিজের জন্য নিচ্ছি আমরা। এই নিউজিল্যান্ড সিরিজে সে কাজ করবে, কেমন করে সেটা দেখা হবে। তারপর সিদ্ধান্ত নেব, কী করব। এখন সে নিউজিল্যান্ডে অবস্থান করছে দলের সঙ্গে।’
মহসিন বেশ লম্বা সময় ধরেই কাজ করছেন। ২০০৩-০৪ মৌসুমে পাকিস্তানের ন্যাশনাল হাই পারফরম্যান্স সেন্টারে বয়সভিত্তিক দলের হয়ে কাজ শুরু হয় তার। এরপর বিগ ব্যাশ, আইপিএল, পিএসএল ও বিপিএলের মতো ফ্যাঞ্চাইজি ক্রিকেটে কাজ করেছেন তিনি।
