দুই আনকোড়া পেসার নিয়ে সাজানো পাকিস্তান একাদশে নেই বিশেষজ্ঞ স্পিনার

আপডেট : ১৩ ডিসেম্বর ২০২৩, ০২:৩২ পিএম

দুই লেগ স্পিন কিংবদন্তি রিচি বেনো ও আব্দুল কাদিরের নামে সিরিজ। অস্ট্রেলিয়ার বিপক্ষে সেই সিরিজের প্রথম টেস্টটা পাকিস্তান খেলতে নামছে কোনো বিশেষজ্ঞ স্পিনার ছাড়াই। অভিষেক হচ্ছে দুই পেসার আমের জামাল ও খুররম শেহজাদের।

আগামীকাল পার্থে শুরু হবে তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। আজ সেই টেস্টের একাদশ ঘোষণা করেছে পাকিস্তান। তাদের একাদশে অনিয়মিত স্পিনার হিসেবে আছেন আগা সালমান। অস্ট্রেলিয়ারও আজ তাদের একাদশ ঘোষণা করেছে। চোট কাটিয়ে ফিরেছেন অভিজ্ঞ স্পিনার নাথান লায়ন।

বাবর আজম অধিনায়কত্ব ছাড়ার পর এটি পাকিস্তানের প্রথম ম্যাচ অধিনায়ক হিসেবে যাত্রা শুরু হচ্ছে ব্যাটসম্যান শান মাসুদের। পার্থে পাকিস্তানের হয়ে ওপেন করবেন ইমাম উল হক ও আবদুল্লাহ শফিক। মাসুদ তিনে আর বাবর চারে। এই টেস্টে উইকেটকিপার ব্যাটসম্যান হিসেবে নেওয়া হয়েছে সরফরাজ আহমেদকে। সুযোগ পেয়েছেন অলরাউন্ডার ফাহিম আশরাফ।

পেস বিভাগে শাহিন শাহ আফ্রিদির সঙ্গে থাকবেন অভিষেকের অপেক্ষায় থাকা দুই পেসার আমির জামাল ও খুররম শাহজাদ। সঙ্গে আছেন পেস বোলিং অলরাউন্ডার ফাহিম। বিশেষজ্ঞ স্পিনার না থাকলেও সুযোগ বুঝে হাত ঘোরাবেন সালমান আগা ও সৌদ শাকিল।

২৪ বছর বয়সী খুররম ৪৫টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন। উইকেট নিয়েছেন ১৩৬টি। অন্যদিকে জামাল ২৮টি প্রথম শ্রেণির ম্যাচ খেলে উইকেট নিয়েছেন ৮০টি। রান করেছেন ৩৭ ইনিংসে ২০ গড়ে ৬৫৮।

অস্ট্রেলিয়ায় কখনো টেস্ট সিরিজ জিততে পারেনি পাকিস্তান। সব মিলিয়ে অস্ট্রেলিয়ায় ১৩টি টেস্ট সিরিজ খেলেছে এশিয়ার দলটি। শুধু সিরিজ কেন, এখন পর্যন্ত সেখানে ৩৭টি টেস্ট খেলা হয়েছে, তারা জিতেছে মাত্র ৪টি। শেষ জয়টি এসেছে ২৮ বছর আগে।

পাকিস্তান একাদশ: ইমাম উল হক, আবদুল্লাহ শফিক, শান মাসুদ, বাবর আজম, সৌদ শাকিল, সরফরাজ আহমেদ, সালমান আলী আগা, ফাহিম আশরাফ, শাহিন শাহ আফ্রিদি, আমের জামাল ও খুররম শেহজাদ

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত