বাজে এক সময় পার করছে ম্যানচেস্টার ইউনাইটেড। প্রিমিয়ার লিগে সময়টা ভালো কাটছে না। গতরাতে নিশ্চিত হয়ে গেছে তাদের চ্যাম্পিয়নস লিগ থেকে ছিটকে পড়া। এমনকি গ্রুপে সবার নিচে থাকায় খেলা হচ্ছে না ইউরোপা লিগে। তবে এখন আর এসব নিয়ে আক্ষেপ করতে চান না এরিক টেন হাগ। ইংলিশ ক্লাবটির কোচের দৃষ্টি এখন সামনের ম্যাচগুলোয়।
বায়ার্ন মিউনিখের কাছে ঘরের মাঠে ১-০ গোলে হারে ইউনাইটেড। ৬ ম্যাচে একটি করে জয় ও ড্রয়ে ৪ পয়েন্ট নিয়ে 'এ' গ্রুপের তালানিতে তারা। দলের এমন ভরাডুবিতে স্বাভাবিকভাবেই চাপ বেড়েছে কোচ এরিক টেন হাগের ওপর। তবে এসব নিয়ে ভাবছেন না তিনি।
বায়ার্নের বিপক্ষে ম্যাচের পর হাগ বলেছেন, ‘আমি আক্ষেপ নিয়ে এই টুর্নামেন্টের দিকে তাকাচ্ছি না। আমরা চ্যাম্পিয়ন্স লিগে থাকতে চেয়েছি আর সবসময়ই লক্ষ্য হচ্ছে নক আউটে যাওয়া। কিন্তু আমাদের এখান থেকে শিখতে হবে আর এটা মানতে হবে যে আমরা ভালো ফুটবল খেলেছি। ’
তিনি আর যোগ করেন, ‘দেখুন আমরা হেরে গিয়েছি এটা ঠিক। আমরা টুর্নামেন্ট থেকেও ছিটকে গিয়েছি। তবে আমাদের সামনে এখনও অনেক খেলা আছে। এই মুহূর্তে আমাদের সামনে রয়েছে প্রিমিয়ার লিগ এবং আপাতত সেটার উপরেই আমরা বেশি মনোযোগ দিতে চাই। ’
প্রিমিয়ার লিগে ১৬ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে এখন ছয় নম্বরে আছে ম্যানচেস্টার ইউনাইটেড। তাদের সামনে আছে এফএ কাপও। আপাতত এই দুই টুর্নামেন্টেই সব মনোযোগ দিতে চান বলে জানিয়েছেন টেন হাগ।
তিনি বলেন, ‘এখন এটাই জানাতে চাই যে ওরা যেন আগামী মৌসুমের জন্য নিজেদেরকে ভালোভাবে প্রস্তুত করে আর একটি শক্তিশালী দল হয়ে ফিরে আসে। এছাড়াও আমাদের সামনে এফএ কাপ আছে। সুতরাং হতাশ হওয়ার মতো কিছু নেই। এখনও অনেক খেলা রয়েছে আমাদের কাছে। এখনও সুযোগ আছে।’
