বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দীন জাহাঙ্গীরের ৫২তম শাহাদাতবার্ষিকী আজ। চাঁপাইনবাবগঞ্জকে শত্রুমুক্ত করতে গিয়ে ১৯৭১ সালের এই দিনে (১৪ ডিসেম্বের) পাকবাহিনীর সঙ্গে সম্মুখ যুদ্ধে শহীদ হন তিনি। ১৯৭১ সালের ১৩ ডিসেম্বর মহানন্দা নদী তীরের বারঘরিয়ায় অবস্থানের পর চাঁপাইনবাবগঞ্জ শহরকে শত্রুমুক্ত করতে ১৪ ডিসেম্বর ভোররাতে ক্যাপ্টেন জাহাঙ্গীর তার বাহিনী নিয়ে নৌকাযোগে নদী পার হয়ে রেহাইচর গ্রামে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের এদেশীয় দোসর শত্রুবাহিনীর সঙ্গে তুমুল লড়াইয়ের মুখোমুখি হন। এ সময় ধ্বংস করে দেন শত্রু বাহিনীর ১৮টি ট্রেঞ্চ ও ২০ থেকে ২২টি বাংকার। বীরযোদ্ধা ক্যাপ্টেন জাহাঙ্গীর সামনের দিকে এগিয়ে যাওয়ার একপর্যায়ে একটি গুলি এসে তার কপালে লাগে। সেখানেই শাহাদাতবরণ করেন বাংলা মায়ের এই বীর সন্তান। পরে ১৫ ডিসেম্বর শহীদ ক্যাপ্টেন মহিউদ্দীন জাহাঙ্গীরকে ঐতিহাসিক ছোট সোনামসজিদ প্রাঙ্গণে সমাহিত করা হয়।
×
