মুক্তিযুদ্ধবিরোধী সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে আত্মশক্তিতে বলীয়ান হয়ে আমাদের লড়াই অব্যাহত রাখতে হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
আজ বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সকালে মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের পর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, সাম্প্রদায়িক অপশক্তি এখনও দেশে ডালপালা মেলে আছে। বিএনপি-জামায়াতের নেতৃত্বে মুক্তিযুদ্ধবিরোধী অপশক্তি এখনো ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। সেই অপশক্তি বিরুদ্ধে আমরা লড়াই চালিয়ে যাব। কাদের আরও বলেন, দেশকে পাকিস্তানি ভাবধারায় ফিরিয়ে নেওয়ার চক্রান্ত করছে তারা। তাদের বিরুদ্ধে লড়াই অব্যাহত থাকবে।
'৭১-এর চেতনা আর আত্মশক্তিতে বলীয়ান একটি জাতি কখনো পরাজিত হতে পারে না বলেও মন্তব্য করেন তিনি।
এর আগে, সকাল ৭টার কিছু পর মিনিটে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
