প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্লাকার্ড ভাঙচুরের ঘটনার নিন্দা জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিভিত্তিক পাঁচটি সংগঠন। গতকাল বুধবার নিজ নিজ সংগঠনের পক্ষে এ ঘটনার নিন্দা জানিয়ে বিবৃতি দেয় সংগঠনগুলো।
বিবৃতি দেওয়া সংগঠনগুলো হলো–ঢাকা বিশ্ববিদ্যালয় নাট্য সংসদ, ঢাকা বিশ্ববিদ্যালয় আইটি সোসাইটি, ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যান্ড সোসাইটি, স্লোগান ৭১ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক সংসদ।
নাট্য সংসদ এবং আইটি সোসাইটি তাদের বিবৃতিতে জানায়, ‘সন্ত্রাসের বিরুদ্ধে রাজপথে নেমে ১৯৯২ সালে রাজপথ রঞ্জিত করেছিল বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় নেতা মঈন হোসেন রাজু। অথচ ২০২৩ সালে এসে শহিদ রাজুর নামে নির্মিত ভাস্কর্যের পাদদেশে সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত হয়েছে তাঁরই সংগঠনের নেতাকর্মীরা। ছাত্র ইউনিয়নের সন্ত্রাসী কর্মকাণ্ডে লজ্জায় মুখ লুকিয়েছে শহিদ রাজু। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৪০ হাজার শিক্ষার্থী এহেন কর্মকাণ্ডে লজ্জিত ও ক্ষুব্ধ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার মেট্রোরেলকে স্বাগত জানিয়ে শিক্ষার্থীদের স্থাপনকৃত প্রধানমন্ত্রীর ছবি সংবলিত ব্যানার ভাঙচুর করে ছাত্র ইউনিয়নের নেতাকর্মীরা। যা বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক পরিবেশের বিপরীতে এক নেক্কারজনক দৃষ্টান্ত হয়ে থাকবে।’
অপর তিনটি সংগঠনও এ ঘটনার প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছে এবং জড়িতদের বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে।
প্রসঙ্গত, গত শনিবার মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন উদ্বোধনকে ঘিরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে স্থাপন করে নেতাকর্মীরা। প্লাকার্ডের কারণে রাজু ভাস্কর্য ঢেকে গেলে বাম ছাত্রসংগঠনসহ বিভিন্ন মহল এটি নিয়ে আপত্তি জানিয়ে আসছিল। এরই জেরে গত মঙ্গলবার সন্ধ্যায় ওই প্লাকার্ড ভাঙচুরের ঘটনা ঘটে। ছাত্রলীগ নেতাকর্মীদের অভিযোগ, ছাত্র ইউনয়নের নেতাকর্মীরা এ ঘটনা ঘটিয়েছে।
