ইসি ভবনের সামনে দুই প্রার্থীর কর্মী-সমর্থকদের মধ্যে হাতাহাতি

আপডেট : ১৪ ডিসেম্বর ২০২৩, ০২:২৭ পিএম

নির্বাচন কমিশন (ইসি) ভবনের সামনে কথাকাটাকাটির জেরে দুই প্রার্থীর কর্মী-সমর্থকদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুজনকে আটক করে পুলিশ।

আজ বৃহস্পতিবার দুপুর ১২টা ২০ মিনিটে নৌকার প্রার্থী ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে এই হাতাহাতির ঘটনা ঘটে।

জানা গেছে, কুমিল্লা-১ আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার নাইম হাসান প্রার্থিতা ফিরে পাওয়ার শুনানিতে অংশ নিতে নির্বাচন কমিশনে আসেন। ১ শতাংশ ভোটারের তথ্য নিয়ে গরমিলে তার প্রার্থিতা বাতিল করেছিল রিটানিং কর্মকর্তা। প্রার্থিতা ফেরতের শুনানির উদ্দেশ্যে তিনি নির্বাচন কমিশনের ফটক দিয়ে বেরিয়ে আসার সময় আওয়ামী লীগ প্রার্থী ইঞ্জিনিয়ার আব্দুস সবুরের সমর্থকদের সঙ্গে বাগবিতণ্ডার একপর্যায়ে হাতাহাতি ও উত্তেজনার সৃষ্টি হয়। এসময় পুলিশ দুজনকে আটক করে।

ব্যারিস্টার নাঈম বলেন, আমাকে ও আমার সমর্থকদের কটূক্তি করায় তারা উত্তেজিত হয়। এসময় এলাকার চিহ্নিত সন্ত্রাসী সারোয়ার বাবু ও মুরাদসহ আরও কয়েকজন হামলা চালায়। তবে সারোয়ার হোসেন বাবু বলেন, আমি স্থানীয় যুবলীগের সাবেক নেতা। এখানে দেখতে এসেছিলাম। কোনো মারামারি করিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত