চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) বঙ্গবন্ধু চেয়ার অধ্যাপক ড. মুনতাসীর মামুন বলেছেন, দেশের বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষকরা সৃজনশীল নয় বরং পদাধিকারবলে বুদ্ধিজীবী। বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) বেলা ১১টায় শহীদ বুদ্ধিজীবী দিবসে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন ।
মুনতাসীর মামুন বলেন, ভাতাভোগী বুদ্ধিজীবী ও প্রকৃত শহীদ বুদ্ধিজীবীদের মধ্যে ব্যাপক পার্থক্য তৈরি হয়েছে। বুদ্ধিজীবীদের চেতনাসহ পুরো বিষয়টি অর্থনৈতিক পরিধিতে আটকে আছে। সৃজনশীল বুদ্ধিজীবী আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে নেই, সবাই হলো ঐতিহ্যবাহী বুদ্ধিজীবী।
তিনি আরও বলেন, বর্তমান আওয়ামী লীগ বা ছাত্রলীগের নেতাকর্মীদের কোনো ভুলে বা অপরাধে বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবীরা প্রতিবাদ করেন না। কারণ বুদ্ধিজীবী তকমা লাগিয়ে তারা উপাচার্য ও উপ-উপাচার্য হবেন। রেজিস্ট্রার কে এম নুর আহমদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন চবি উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার, বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক বেনু কুমার দে এবং স্বাগত বক্তব্য দেন প্রক্টর ড. নুরুল আজিম সিকদার।
