নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য (এমপি) এবং বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজীর মিছিলে প্রকাশ্যে প্রদর্শন করা আগ্নেয়াস্ত্রটির লাইসেন্স বাতিল করা হয়েছে। গত ১ ডিসেম্বর প্রদর্শনকৃত অস্ত্রের লাইসেন্স বাতিলের জন্য নারায়ণগঞ্জ জেলা ম্যাজিস্ট্রেট মাহমুদুল হক স্বাক্ষরিত একটি সুপারিশপত্র নড়াইল জেলা ম্যাজিস্ট্রেটের কাছে পাঠানো হয়।
গতকাল বৃহস্পতিবার রাতে সেই অস্ত্রের লাইসেন্সটি বাতিল করা হয়েছে বলে নিশ্চিত করেছেন নড়াইল জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী। দেশ রূপান্তরকে তিনি বলেন, ‘কয়েক দিন আগে অস্ত্রের লাইসেন্সটি বাতিল করা হয়েছে।’
তিনি বলেন, ‘নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে নারায়ণগঞ্জে এই অস্ত্রটি প্রদর্শন করা হয়েছে। এ কারণে অস্ত্রের লাইসেন্স বাতিল করা হয়েছে।’
গত ২৯ নভেম্বর মনোনয়নপত্র জমা দিতে যাওয়ার সময় অস্ত্র প্রদর্শন করেন আওয়ামী লীগ নেতা গোলাম রসুল কলির গানম্যান আশিকুজ্জামান।
