অস্ট্রেলিয়ার রান পাহাড়ের বিপক্ষে লড়ছে পাকিস্তান

আপডেট : ১৫ ডিসেম্বর ২০২৩, ০৪:৪১ পিএম

ডেভিড ওয়ার্নারের পর সেঞ্চুরির সম্ভাবনা জাগালেন মিচেল মার্শও। কিন্তু অল্পের জন্য তিন অংকের উষ্ণ ছোঁয়া না পাওয়ার আক্ষেপ নিয়ে ফিরতে হলো তাকে। তবে তাদের নৈপুণ্যে রান পাহাড় গড়েছে অস্ট্রেলিয়া। জবাব দিতে নামা পাকিস্তান চালিয়ে যাচ্ছে লড়াই।

পার্থ টেস্টের দ্বিতীয় দিন অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস থেমেছে ৪৮৭ রানে। পরে ব্যাটিংয়ে নেমে ২ উইকেটে ১৩২ রান করে দিন শেষ করেছে পাকিস্তান। ক্রিজে ইমাম-উল-হকের সঙ্গে আছেন নাইটওয়াচম্যান হিসেবে নামা খুররাম শাহজাদ। এখনও ৩৫৫ রানে পিছিয়ে আছে সফরকারীরা।

১৫ রান নিয়ে দিন শুরু করা মার্শকে হাতছানি দিচ্ছিল ক্যারিয়ারের চতুর্থ টেস্ট সেঞ্চুরি। দারুণ ব্যাটিংয়ে সেই পথে ছুটছিলেন তিনি। কিন্তু কাছে গিয়ে স্বপ্নভঙ্গ হলো তার। আউট হন ১ ছক্কা ও ১৫ চারে ৯০ রান করে।

৩৪৬ রান ও ৫ উইকেট হাতে নিয়ে দিনের খেলা শুরু করে অস্ট্রেলিয়া। শুরুটা ভালো করেন আগের দিনের দুই অপরাজিত ব্যাটসম্যান মার্শ ও অ্যালেক্স ক্যারি। কিন্তু প্রথম ঘণ্টায় ৩৪ রান করা ক্যারিকে দুর্দান্ত এক ডেলিভারিতে বোল্ড করে ৯০ রানের জুটি ভাঙেন অভিষিক্ত আমির জামাল।

দারুণ খেলতে থাকা মার্শের সেঞ্চুরি একটা সময় মনে হচ্ছিল সময়ের ব্যাপার। কিন্তু লাঞ্চ বিরতির পর প্রথম বলে তাকে বোল্ড করে দেন আরেক অভিষিক্ত পেসার খুররাম শাহজাদ। এরপর আর বেশিদূর এগোয়নি অস্ট্রেলিয়ার ইনিংস। মিচেল স্টার্কের পর প্যাট কামিন্সকে ফিরিয়ে পাঁচ উইকেট পূর্ণ করে জামাল। পরে নাথান লায়নের শিকার ধরে অস্ট্রেলিয়ার ইনিংস গুটিয়ে দেন ২৭ বছর বয়সী এই পেসার।

অস্ট্রেলিয়া মাটিতে পাকিস্তানের দ্বিতীয় বোলার হিসেবে পাঁচ উইকেট নিলেন জামাল। ১৯৬৪ সালের ডিসেম্বরে মেলবোর্নে ৮৯ রানে ৬ উইকেট নিয়েছিলেন আরিফ বাট। জামালের মতো আরিফও ছিলেন পেস বোলিং অলরাউন্ডার।

ব্যাটিংয়ে নেমে আবদুল্লাহ শফিক ও ইমাম-উল-হকের জুটিতে ভালোই শুরু পায় পাকিস্তান। তাদের ৭৪ রানের উদ্বোধনী জুটি ভাঙেন লায়ন। ৬ চারে ৪২ রান করে ফেরেন শফিক। দারুণ শুরু করা পাকিস্তান অধিনায়ক শান মাসুদকে কট বিহাইন্ড করেন মিচেল স্টার্ক। ৫ চারে ৩০ রান করেন শফিক।

ধৈর্যশীল ব্যাটিংয়ে এক প্রান্ত ধরে রেখেছেন ইমাম। ৩ চারে ৩৮ রান করতে তিনি খেলেছেন ১৩৬ বল। শাহজাদ অপরাজিত আছেন ৭ রানে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত