চীনের বেইজিংয়ে সাবওয়ে ট্রেন দুর্ঘটনায় ৫০০ জনেরও বেশি যাত্রী আহত হয়েছে। তাদের মধ্যে হাড় ভেঙেছে ১০২ জনের। শুত্রবার (১৫ ডিসেম্বর) এ তথ্য জানিয়েছে চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, এর আগে বৃহস্পতিবার রাত ৯টায় এ দুর্ঘটনা ঘটে। মূলত তুষারঝড়ের কারণেই একটি ট্রেন পেছন থেকে অপর ট্রেনকে ধাক্কা মারে। এ ঘটনার পর যাদের হাসপাতালে নেওয়া হয় তাদের মধ্যে ৪২৩ জনকে শুক্রবার সকালের মধ্যে ছেড়ে দেওয়া হয়েছে। বাকিরা এখনো চিকিৎসাধীন।
তবে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, ২৫ জন আহত যাত্রী পর্যবেক্ষণে রয়েছে এবং এখনও হাসপাতালে ভর্তি আছে ৬৭ জন। তবে এ দুর্ঘটনায় কারও মৃত্যু হয়নি।
উল্লেখ্য, দুর্ঘটনাটি ঘটেছে চাংপিং সাবওয়ের লাইনের একটি উঁচু পাহাড়ি জায়গায়। তুষারঝড়ের কারণে সেখানে সাবওয়ের লাইন পিচ্ছিল হয়ে যায়। অস্পষ্ট হয়ে পড়ে সিগন্যাল। তখন একটি ট্রেন তাৎক্ষণিকভাবে থেমে যায়। ওই সময় আরেকটি ট্রেন একই লাইন দিয়ে আসছিল। কিন্তু লাইন পিচ্ছিল হয়ে যাওয়ায় সময় মতো ব্রেক করতে পারেনি ট্রেনটি। ফলে এটি পেছন থেকে থেমে থাকা ট্রেনটিকে ধাক্কা মারে।
