অসহায়ের মতো কাঁদছেন মা। তার চোখের সামনেই বিক্রি হচ্ছে কোলের সন্তান। ৩০ হাজারে এক লোক তার সন্তানকে নিয়ে যাচ্ছিলেন। অনেক চেষ্টা করেও পরিস্থিতি সামাল দিতে পারেননি তিনি। সম্প্রতি এমনই একটি ঘটনা ঘটেছে পশ্চিমবঙ্গের কলকাতায়।
ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, আনন্দপুরে শিশু বিক্রির ঘটনায় আরও চাঞ্চল্যকর অভিযোগ করেছেন মা নিলাম। তার অভিযোগ, নিজের বাবা ও সৎ মা জোর করে প্রাণনাশের হুমকি দিয়ে কোলের সন্তানকে ছিনিয়ে নেয় এবং বিক্রি করে দেয়। পুরো ঘটনা ঘটেছে তার চোখের সামনেই।
এ ঘটনায় ইতোমধ্যে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে নিলামের সন্তানকেও। তবে শিশুটি এখন পুলিশের হেফাজতে রয়েছে।
এদিকে সন্তানকে ফিরে পেলেও তাকে নিয়ে স্বামীর কাছে যেতে চান নিলাম। তার স্বামী আরেকটি রাজ্যে থাকেন। নিলাম চাইছেন, স্বামীর সঙ্গে থেকে একসঙ্গে সন্তান মানুষ করতে। তিনি জানান, তার স্বামীকে বাড়ির লোকজন মেনে নেয়নি। বিয়ে নিয়েও আপত্তি ছিল। সে কারণেই বাবা ও সৎ মা তার সন্তান বিক্রি করে দেয় বলে সন্দেহ করছেন নিলাম।
