গ্ল্যামারাস নায়িকা নন, এবার ‘মাছওয়ালি’ হয়ে পর্দায় দেখা দেবেন অভিনেত্রী ঐন্দ্রিলা সেন। নতুন বছরে মুক্তি পেতে যাচ্ছে তার ‘মির্জা’ সিনেমা, যেখানে তাকে দেখা যাবে মুসকান চরিত্রে।
এরমধ্যেই প্রকাশ্যে এসেছে ছবিটির ফার্স্ট লুক ছবি। যেখানে ঐন্দ্রিলাকে একদম সাদামাটা লুকে দেখা গেছে। ছবিটি নিয়ে অভিনেত্রীর ভাষ্য, আসলে ‘মির্জা’ হল অ্যাকশন ছবি। আর আমি ‘মুসকান’ও সেই দুনিয়ার-ই একটা চরিত্র। এখানে একেবারেই অন্যরকমভাবে দেখতে পাবেন আমাকে।
‘মাছওয়ালি’র মুসকান হয়ে উঠতে নিজেকে কীভাবে প্রস্তুত করছেন, এমন প্রশ্নে ঐন্দ্রিলা বলেন, সেই প্রস্তুতি তো নিতেই হচ্ছে। এটার জন্য আমি ৬-৮ মাস প্রস্তুতি নিয়েছি। তবে সবটা আমি এখনই ফাঁস করতে পারব না। মুসকান হল মাছের বাজারে থাকা অনেক ছেলে, মহিলাদের মধ্যে একজন সুন্দরী। তবে ওই মাছওয়ালি হওয়ার জন্য যে ধরনের বডি ল্যাঙ্গুয়েজ দরকার, সেটার জন্য নিজেকে তৈরি করেছি। কারণ, মাছের বাজারে বসেই আমায় শ্যুট করতে হবে। যাতে মাছ বাজারের গন্ধটায় অসুবিধা না হয়, তার জন্য আমি বেশ কিছু দিন মাছ বাজারে গিয়েছি। সেখানে গিয়ে প্রথমে আমি প্রায় বমি করে ফেলি, তারপর সেটা ঠিক হয়ে যায়। কারণ ওখানেই শ্যুটিং হবে। তাই এটার সঙ্গে আমায় অভ্যস্ত হতেই হত। এগুলি সবই চরিত্রের জন্যই করেছি।
‘মির্জা’ অভিনেতা অঙ্কুশ হাজরা প্রযোজিত প্রথম সিনেমা। এতে তিনি অভিনয় করেছেন তারই প্রেমিকা ঐন্দ্রিলা সেনের বিপরীতে। ছবিটি পরিচালনা করেছেন সুমিত-সাহিল।
