জয়টা মুক্তিযোদ্ধা ও শহীদদের উৎসর্গ করলেন জ্যোতি

আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৩, ০৫:৫১ এএম

রানের খাতায় বাংলাদেশ যোগ করেছিল ২৫০। যা টাইগ্রেসদের সর্বোচ্চ সংগ্রহ। আভাস মিলছিল রেকর্ডগড়া জয়ের। শেষ পর্যন্ত হলোও তাই। দক্ষিণ আফ্রিকা ‍গুটিয়ে যায় মাত্র ১৩১ রানে। তাতে বিজয় দিবসের রাতে ইস্ট লন্ডনে ১১৯ রানের রেকর্ডগড়া এক জয় তুলে নিয়েছেন নিগার সুলতানা জ্যোতিরা। রানের নিরিখে জয়ের ব্যবধানেও যা বাংলাদেশের মেয়েদের রেকর্ড। এত দিন সবচেয়ে বড় জয়টি ছিল এক যুগ আগে বিকেএসপিতে আয়ারল্যান্ডের বিপক্ষে ৮২ রানে।

বিজয় দিবসের রাতে বিশেষ এই জয় বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধে শহীদের উৎসর্গ করেছেন নিগার। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বাংলাদেশ অধিনায়ক বলেছেন, ‘আজ (কাল ছিল) আমাদের বিজয় দিবস। তাই আমি এই জয়টা মহান মুক্তিযুদ্ধে শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের উৎসর্গ করতে চাই।’

শামীমা আউট হওয়ার পর ফারজানা, অধিনায়ক নিগার ও স্বর্ণা আক্তারের সঙ্গে মুর্শিদা গড়েন তিনটি মূল্যবান জুটি। তাতেই নিজেদের ওয়ানডে ইতিহাসে রেকর্ড সংগ্রহ পেয়ে যায় বাংলাদেশ। পরে বাংলাদেশের বোলারদের সামনে দাঁড়াতেই পারেনি প্রোটিয়া মেয়েরা। নিগার মনে করেন, টসে হারাটা তার দলের জন্য ‘শাপে বর’ হয়েছে, ‘টস হেরে যাওয়াতে শেষ পর্যন্ত ভালোই হয়েছে। টস জিতলে আমিও আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিতাম।’

শুধু এই ম্যাচ নয়, সাম্প্রতিক সময়ে ওয়ানডেতে বাংলাদেশ নারী দল বেশ ভালো করেছে। মিরপুরে গত জুলাইয়ে শক্তিশালী ভারতের বিপক্ষে সিরিজ ড্র করেছে। একই ভেন্যুতে গত মাসে পাকিস্তানের বিপক্ষে পিছিয়ে পড়েও সিরিজ জিতেছে। এবার দক্ষিণ আফ্রিকার মাটিতেও এই সংস্করণে প্রথম জয় পেল। নিগার জানালেন, এটা কঠোর পরিশ্রম ও নিজেদের ওপর বিশ্বাস রাখার ফল, ‘আমরা দীর্ঘ দিন ধরে কঠোর পরিশ্রম করে আসছি। দলের মধ্যে বিশ্বাসও জন্মেছে। টিম ম্যানেজমেন্টও অনেক কাজ করেছে। আমরা ভালো ফলের প্রত্যাশায় ছিলাম। যখন প্রত্যাশা পূরণ হয়, তখন সত্যিই ভালো লাগে।’

এ জয়ে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে ১–০ ব্যবধানে এগিয়ে গেছে বাংলাদেশ। আগামী বুধবার পচেফস্ট্রুমে দ্বিতীয় ওয়ানডে জিতলেই সিরিজ মুঠোয় পুরবেন জ্যোতিরা। দক্ষিণ আফ্রিকাকে ধবলধোলাই করতে পারলে শীর্ষ দুইয়ে উঠে আসার সুযোগ আছে বাংলাদেশের। ২–১ ব্যবধানে সিরিজ জিতলেও শীর্ষ ছয়ে ঢুকে পড়বে। নিগারের চোখ এখন সেদিকেই, ‘এই ২ পয়েন্ট খুবই গুরুত্বপূর্ণ। আগামী ম্যাচগুলো দুই দলের জন্য আরও গুরুত্বপূর্ণ। আমরা কেউই বাছাই পর্বে যেতে চাই না।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত