টি-টোয়েন্টি সিরিজে নেই কনওয়ে-ফার্গুসন

আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৩, ০৯:৪৬ এএম

নিউজিল্যান্ড আর বাংলাদেশের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হয়েছে আজ থেকে। বৃষ্টিবিঘ্নিত দিনটিতেই ঘোষণা করা হলো কিউইদের টি-টোয়েন্টি সিরিজের দল। কেন উইলিয়ামসনকে অধিনায়ক করে ১৩ সদস্যের দল দিয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট।

টি-টোয়েন্টি সিরিজটি ডানেডিনে হলেও ওয়ানডে সিরিজটি মাঠে গড়াবে নেপিয়ারে আগামী ২৯ ডিসেম্বর। নিউজিল্যান্ড সর্বশেষ টি-টোয়েন্টি সিরিজ খেলেছে ইংল্যান্ডের বিপক্ষে। সেই সিরিজে দলে না থাকা উইলিয়ামসন, জিমি নিশাম ও বেন সিয়ার্সকে দলে ফেরানো হয়েছে।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) পাওয়া গোড়ালির চোটের কারণে লম্বা সময় মাঠের বাইরে ছিলেন উইলিয়ামসন। এ কারণে অস্ত্রোপচারও করাতে হয়েছিল তাকে। তার বিশ্বকাপে খেলা নিয়েও শঙ্কা ছিল। তবে সব শঙ্কা কাটিয়ে এই বিশ্ব আসরে খেলেছেন উইলিয়ামসন।

নিশাম সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে ইংল্যান্ড সিরিজ থেকে বিরতি নিয়েছিলেন। বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে বিশ্রাম দেয়া হয়েছে নিয়মিত টি-টোয়েন্টি ওপেনার ও উইকেটরক্ষক ডেভন কনওয়েকে।

এ ছাড়া চোটের কারণে নেই এক ঝাঁক ক্রিকেটার। এর মধ্যে মিচেল ব্রেসওয়েল ও লকি ফার্গুসন গোড়ালির চোটে ভুগছেন। ম্যাট হেনরি পিঠের চোটের কারণে বাংলাদেশের বিপক্ষে খেলতে পারছেন না। হেনরি শিপলি রয়েছেন পিঠের চোটে। তাই তাদের ছাড়াই মাঠে নামতে হচ্ছে কিউইদের।

নিউজিল্যান্ড টি-টোয়েন্টি স্কোয়াড-

কেন উইলিয়ামসন (অধিনায়ক), ফিন অ্যালেন, মার্ক চ্যাপম্যান, কাইল জেমিসন, অ্যাডাম মিলনে, ড্যারিল মিচেল, জেমস নিশাম, গ্লেন ফিলিপ্স, মিচেল স্যান্টনার, বেন সিয়ার্স, টিম সেইফার্ট, ইশ সোধি ও টিম সাউদি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত