ইসি অভিমুখী বাম জোটের মিছিলে পুলিশের বাধা

আপডেট : ১৮ ডিসেম্বর ২০২৩, ০৩:৫৪ এএম

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল বাতিল, সরকার ও নির্বাচন কমিশনের পদত্যাগ, নির্দলীয় তদারকি সরকারের অধীনে নির্বাচন এবং সভা-সমাবেশের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে ঢাকায় নির্বাচন কমিশন অভিমুখে বাম গণতান্ত্রিক জোটের মিছিলে বাধা দিয়েছে পুলিশ।

গতকাল রবিবার সকালে রাজধানীর পল্টন মোড় থেকে শুরু হওয়া মিছিলটি কদম ফোয়ারার কাছাকাছি পৌঁছলে পুলিশ বাধা দেয়। এ সময় মিছিলকারীদের প্রতি পুলিশ মারমুখী আচরণ করে বলে অভিযোগ উঠেছে।

পুলিশের বাধার মুখে জোটের নেতাকর্মীরা সেখানেই বসে পড়েন। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ হয়। সমাবেশে নেতারা মিছিলে পুলিশি বাধার নিন্দা জানিয়ে বলেন, ‘সরকারের স্বৈরাচারী আচরণের বিরুদ্ধে দেশবাসীকে রুখে দাঁড়াতে হবে। ৭ জানুয়ারির প্রহসনের নির্বাচন বর্জন করে এর বিরুদ্ধে জনগণের রায় ঘোষণা করতে হবে।’

বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক ইকবাল কবীর জাহিদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ, বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (মার্ক্সবাদী) সমন্বয়ক মাসুদ রানা, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোশরেফা মিশু ও বাংলাদেশের সমাজতান্ত্রিক পার্টির নির্বাহী সভাপতি আবদুল আলী। সমাবেশ পরিচালনা করেন বিপ্লবী কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় নেতা নজরুল ইসলাম। এ সময় সিপিবির সভাপতি মোহাম্মদ শাহ আলম, সহকারী সাধারণ সম্পাদক মিহির ঘোষ, বাসদের সহসাধারণ সম্পাদক রাজেকুজ্জামান রতন, বাসদ (মার্ক্সবাদী) নেতা সীমা দত্ত, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির শহীদুল ইসলাম সবুজ প্রমুখ উপস্থিত ছিলেন।

নেতারা মৌলভীবাজার, বগুড়াসহ বিভিন্ন এলাকায় বাম জোটের কর্মসূচিতে পুলিশি বাধার নিন্দা জানিয়ে বলেন, হামলা, সভা-সমাবেশে বাধা দিয়ে বামপন্থিদের রাজপথ থেকে সরানো যাবে না।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত