জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনের সংসদ সদস্য আওয়ামী লীগ নেতা মির্জা আজমের বিরুদ্ধে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার ঘটনায় ব্যাখ্যা চেয়ে চিঠির জবাব না দেওয়ায় জেলা আওয়ামী লীগের সদস্য পদ থেকে মারুফা আক্তার পপিকে অব্যাহতি দেওয়া হয়েছে। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দের ১৩ ডিসেম্বর স্বাক্ষরিত এক চিঠিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়। যদিও গত রবিবার রাত সাড়ে ১০টার দিকে বিজন গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানান।
মির্জা আজম আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এবং ফারুফা আক্তার পপি কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য। পাশাপাশি পপি জেলা আওয়ামী লীগের সদস্য পদে ছিলেন।
অব্যাহতির চিঠিতে বলা হয়েছে, ‘আপনি (মারুফা) দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-৫ (সদর) আসনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী প্রার্থী ছিলেন। ২০ নভেম্বর মো. আবুল কালাম আজাদকে মির্জা আজমের মাধ্যমে জামালপুর-৫ (সদর) আসনের তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়ের জন্য পাঠান দলীয় প্রধান। সকাল ১০টায় স্থানীয় মির্জা আজম অডিটোরিয়ামে সদর উপজেলা আওয়ামী লীগের মতবিনিময় সভা তৃণমূলের সর্বস্তরের নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সম্পন্ন হয়। আপনি (মারুফা) সভা চলার একপর্যায়ে মির্জা আজম অডিটোরিয়ামে প্রবেশ করে মঞ্চের সামনে কর্মীদের সারিতে বসেন। বারবার মঞ্চে এসে বসার অনুরোধ করা হলেও কর্মীদের সারিতেই বসে থাকেন। পরে সকলের পীড়াপীড়িতে মঞ্চে এসে মির্জা আজমের পাশের চেয়ারে আসন গ্রহণ করেন।’
পপির বিরুদ্ধে অসত্য ও অশালীন বক্তব্য দেওয়ার অভিযোগ এনে চিঠিতে আরও বলা হয়েছে, ‘জেলা পর্যায়ের নেতৃবৃন্দের বক্তব্য চলাকালে হঠাৎ আপনি চেয়ার ছেড়ে দাঁড়িয়ে উচ্চ স্বরে মতবিনিময়ের সুযোগ চাইতে থাকেন।
