মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে পদ্মা শাখা নদীতে বাল্কহেডের ধাক্কায় ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ ২ জনের লাশ উদ্ধার করেছে স্থানীয়রা। আজ মঙ্গলবার (১৯ ডিসেম্বর) ভোরে দুর্ঘটনাস্থলের পাশে নদীতে ভাসমান অবস্থায় তাদের মরদেহ উদ্ধার করা হয়। এ নিয়ে ট্রলারডুবির ঘটনায় মোট চারজনের মরদেহ উদ্ধার করা হলো।
উদ্ধারকৃতরা হলেন- সিরাজদীখান উপজেলার মালখানগর ইউনিয়ন পরিষদের ৫ নং ওয়ার্ড সদস্য হারুন-অর-রশিদ (৫৫) ও রাজধানীর ধানমন্ডি এলাকার বাসিন্দা লতিফুর রহমানের ছেলে মাহফুজুর রহমান (৩৫)।
গত শনিবার সন্ধ্যা ৬ টার দিকে জেলার টঙ্গীবাড়ি উপজেলার হাসাইল গ্রাম সংলগ্ন পদ্মা নদীতে বালুবাহী বাল্কহেডের ধাক্কায় খেয়া পারাপারের ২০-২২ জনের যাত্রীবোঝাই ট্রলার ডুবে যায়। তাৎক্ষনিক স্থানীয়রা ফাইজা (৬) ও শিফা আক্তার (১৫) নামের দুজনের লাশ উদ্ধার করেন।
মুন্সীগঞ্জ সদরের চরআব্দুল্লাহ নৌ-পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. হাসনাত জামান জানান, ভোরে ট্রলার ডুবির কাছেই নিখোঁজ ২ জনের লাশ ভেসে উঠে। এতে স্থানীয়রা খবর দিলে নৌ-পুলিশ সেখানে পৌঁছে লাশ উদ্ধার করে। স্বজনদের কাছে লাশ হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
