রেকর্ড ২০.৫ কোটি রুপিতে হায়দ্রাবাদে কামিন্স

আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৩, ০৩:২৬ পিএম

আইপিএলের নিলামের টেবিলে ঝড় তুলেছেন প্যাট কামিন্স। অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী অধিনায়ককে দলে নিতে রীতিমত উঠেপড়ে লেগেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোর। কিন্তু দাম হাঁকানোর লড়াইয়ে শেষ পর্যন্ত তাদেরকে হারিয়ে এই পেসারকে আইপিএল ইতিহাসের রেকর্ড পারিশ্রমিকে দলে নেয় সানরাইজার্স হায়দ্রাবাদ।

২০২৪ আইপিএলের নিলামে আজ কামিন্সকে ২০ কোটি ৫০ লাখ রুপিতে দলে টেনেছে ২০১৬ আসরের শিরোপাজয়ীরা। আইপিএলের ইতিহাসে ভারতীয় ও বিদেশি মিলিয়ে সর্বোচ্চ পারিশ্রমিক এটি। আগের রেকর্ড ছিল ইংলিশ পেস বোলিং অলরাউন্ডার স্যাম কারানের। গত নিলামে তাকে ১৮ কোটি ৫০ লাখ রুপিতে দলে নিয়েছিল কিংস ইলেভেন পাঞ্জাব।

হায়দ্রাবাদে ট্রাভিস হেডকে সতীর্থ হিসেবে পাবেন কামিন্স। ফাইনালে ভারতকে হারানোর পথে সেঞ্চুরি করা হেডকে ৬ কোটি ৮০ লাখ রুপিতে দলে যোগ করে হায়দ্রাবাদ।

২০২২ সালে কলকাতা নাইট রাইডার্সে ছিলেন কামিন্স। কিন্তু গত আসরে টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ান তিনি। এবার খেলবেন এই পেসার নতুন দলের হয়ে।

এখন পর্যন্ত আইপিএলে ৪২ ম্যাচ খেলে কামিন্সের শিকার ৪৫ উইকেট। চার উইকেট পেয়েছেন একবার। ওভারপ্রতি সাড়ে ৮ করে দিয়েছেন রান। ব্যাট হাতেও কার্যকর ভূমিকা রাখতে পারেন কামিন্স। ১৫২.২১ স্ট্রাইক রেট ও ৩ ফিফটিতে করেছেন ৩৭৯ রান। আইপিএল ইতিহাসে যৌথভাবে দ্বিতীয় দ্রুততম ফিফটির রেকর্ড কামিন্সের, ১৪ বলে।

হেড, কামিন্স ছাড়াও হায়দ্রাবাদ দলে ভিড়িয়েছে ভানিন্দু হাসারাঙ্গাকে। ভিত্তিমূল্য দেড় কোটি রুপিতেই শ্রীলঙ্কান লেগ স্পিনারকে পেয়ে যায় তারা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত