রাজধানীর উত্তর মুগদায় ঢাকনা বিহীন একটি ম্যানহোল থেকে মফিজুর রহমান মানিক (৪৮) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সকালে তার মরদেহটি উদ্ধার করা হয়।
মুগদা থানা অফিসার ইনচার্জ (ওসি) তারিকুজ্জামান জানান, মানিক মানসিক ভারসাম্যহীন। এছাড়া কানে কম শোনেন ও চোখেও কম দেখেন। উত্তর মুগদায় থাকতেন। তার পরিবারের মাধ্যমে জানা গেছে, প্রায় প্রতিদিনই মানিক বাসা থেকে একা একা বেরিয়ে যেতেন। সোমবার রাতেও বাসা থেকে বেরিয়ে যান। এরপর থেকেই নিখোঁজ ছিলেন।
তিনি জানান, আজকে মঙ্গলবার সকালে উত্তর মুগদার ঝিলপাড়ের পাশে ঢাকনা বিহীন একটি ম্যানহোল থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে মৃতদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ম্যানহোলে পড়ে মারা গেছেন নাকি অন্য কোনো ঘটনা রয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে।
