স্বতন্ত্র প্রার্থীর অফিস ভাঙচুর: ওসি বললেন এখন তো অভিযোগ আসতেই থাকবে

আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৩, ০৬:০২ পিএম

ঢাকা-১৯ আসনের দুই স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী অফিস ভাঙচুরসহ কর্মী-সমর্থকদের হুমকি ও মারধরের অভিযোগ উঠেছে নৌকা প্রতীকের প্রার্থীর কর্মী-সমর্থকদের বিরুদ্ধে। এ ঘটনায় স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম নির্বাচন কমিশন ও সাভার মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

গতকাল সোমবার (১৮ ডিসেম্বর) রাতে সাভার পৌরসভার নামাগেন্ডায় ট্রাক প্রতীকের ও কাতলাপুর এলাকায় ঈগল প্রতীকের নির্বাচনী অফিসে এ হামলা চালানো হয়।

সাভার পৌরসভার কাতলাপুর এলাকায় ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী তালুকদার তৌহিদ জং মুরাদের কর্মী ও পৌর আওয়ামী লীগের সিনিয়র সভাপতি আব্দুল হালিম জানান, তিনি পৌরসভার ৭৩টি কেন্দ্রে ঈগল প্রতীকের নির্বাচনী কর্মকাণ্ড পরিচালনার দায়িত্বে রয়েছেন। সোমবার রাত ৩টার দিকে পৌরসভার কাতলাপুর এলাকায় করা ঈগল প্রতীকের নির্বাচনী অফিস ভাঙচুর করে সাভার সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম রুবেল, সাবেক যুবদল নেতা বাবু ও পলাশ।

আব্দুল হালিম আরও বলেন, অফিস ভাঙচুর ছাড়াও হামলাকারীরা আমাদের প্রতিনিয়ত হুমকি দিচ্ছেন। আমরা থানা ও নির্বাচন কমিশনে এ বিষয়ে অভিযোগ করব। অভিযুক্ত মাজহারুল ইসলাম রুবেল সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মন্জুরুল আলম রাজীবের শ্যালক ও সাভার সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

তবে অভিযোগের বিষয়ে জানতে সাভার সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম রুবেলের মোবাইল ফোনে কল করে তাকে পাওয়া যায়নি।

অন্যদিকে পৌরসভার নামাগেন্ডা এলাকায় আরেক স্বতন্ত্র প্রার্থী আশুলিয়া থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইফুল ইসলাম (ট্রাক প্রতীক) নৌকা প্রতীকের কর্মী-সমর্থকদের বিরুদ্ধে নির্বাচনি অফিস স্থাপনে বাধা ও তার কর্মীদের মারধরের অভিযোগ এনে সাভার মডেল থানায় অভিযোগ করেছেন।

সাইফুল ইসলাম বলেন, ‘পৌরসভার নামাগেন্ডা এলাকায় আমার নির্বাচনি অফিস স্থাপনে বাধা ও কর্মী-সমর্থকদের মারধর করেছে নৌকার কর্মী-সমর্থকরা। এ ঘটনায় সাভার মডেল থানায় ও নির্বাচন কমিশনে অভিযোগ করা হয়েছে।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আলী খান বলেন, ‘কাতলাপুর এলাকার ঘটনাটি আমি জানি না। তবে নামাগেন্ডার ঘটনায় থানায় অভিযোগ করা হয়েছে। মূলত এখন তো অভিযোগ আসতেই থাকবে। আমরা যথাযথ তদন্ত শেষে আইনি ব্যবস্থা গ্রহণ করব।’

এ বিষয়ে সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা ফেরদৌস ওয়াহিদ বলেন, ‘এসব বিষয়ে কেউ আমাদের কাছে মৌখিক কিংবা লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত