প্রেক্ষাগৃহের পর এবার ওটিটিতে মুক্তি পেতে যাচ্ছে দেশের প্রথম সাইবার ক্রাইম থ্রিলার সিনেমা ‘অন্তর্জাল’। দীপংকর দীপন নির্মিত এ সিনেমাটি অনলাইন প্ল্যাটফর্ম টফি-তে দেখা যাবে ২১ ডিসেম্বর থেকে। খবরটি নিশ্চিত করেছেন নির্মাতা নিজে।
তিনি বলেন, সারা দেশের সব মোবাইল, কম্পিউটার ও টিভিতে টফি অ্যাপ দিয়ে ‘অন্তর্জাল’ দেখতে পারবেন দর্শক, একেবারে বিনা পয়সায়। ইন্টারনেট সচল রেখে কেবল অ্যাপটিতে লগইন করলেই হবে।
৬ কোটি বাজেটের এ সিনেমায় অভিনয় করেছেন সিয়াম আহমেদ, বিদ্যা সিনহা মিম, সুনেরাহ বিনতে কামাল, এবিএম সুমন, মাশরুর এনান প্রমুখ। সরকারের আইসিটি ডিভিশনের অনুপ্রেরণায় নির্মিত এই সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান মোশন পিপল স্টুডিওজ ও স্পেলবাউন্ড লিও বার্নেট।
