ঘরের মাঠে সর্বনিম্ন রানে অলআউট হয়ে প্রথম ওয়ানডেতে ৮ উইকেটে হেরেছিল দক্ষিণ আফ্রিকা। ৪৮ ঘন্টায় ঘুরে দাড়িয়ে এবার ভারতকে ৮ উইকেটে হারালো তারা। দ্বিতীয় ওয়ানডেতে ভারতকে ২১১ রানে আটকে রেখে ওপেনার টনি ডে জোর্জির প্রথম ওয়ানডে সেঞ্চুরিতে ৪৫ বল হাতে রেখেই জয় পায় দক্ষিণ আফিকা। তিন ম্যাচের সিরিজে তাই ফিরলো সমতা।
পোর্ট এলিজাবেথে এ দিন পেসারদের জন্য সহায়ক ছিল উইকেটে। তবে ব্যাটিংয়ের জন্য খুব কঠিন ছিল না মোটেও। ভারতের মাত্র দুজন ছুঁতে পারেন পঞ্চাশ। সাই সুদর্শনের ৮৩ বলে ৬২ ও লোকেশ রাহুলের ৬৪ বলে ৫৬ ছাড়া আর কেউ ২০ রানও করতে পারেননি।
সিম-সুইং-বাউন্সের মিশেলে দারুণ বোলিং প্রদর্শনী মেলে ধরেন বার্জার। ক্যারিয়ারে দ্বিতীয় ওয়ানডে খেলতে নেমে ৩০ রানে ৩ উইকেট নেন তিনি। ৬০ বলের ৪৬টিই ‘ডট’ খেলান ২৮ বছর বয়সী বাঁহাতি পেসার।
আরেক বাঁহাতি পেসার ৩৩ বছর বয়সী বিউরান হেনড্রিকসও নিয়ন্ত্রিত বোলিং করেন। অন্যদের চোটে সিরিজের মাঝপথে সুযোগ পান তিনি। প্রায় আড়াই বছর পর আন্তর্জাতিক ম্যাচ খেলতে নেমে ৩৪ রানে তার শিকার ২ উইকেট।
ব্যাটিংয়ে প্রোটিয়াদের নায়ক ২৬ বছর বয়সী ওপেনার ডে জোর্জি। ক্যারিয়ারের চতুর্থ ওয়ানডেতে প্রথম সেঞ্চুরিতে ১২২ বলে অপরাজিত ১১৯ রানের ইনিংস খেলে ম্যাচের সেরা হন ২০১৬ বাংলাদেশ অ-১৯ বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা যুব দলের অধিনায়ক। ইনিংসটি সাজানো ৯ চার ও ৬ ছক্কায়। আরেক ওপেনার রিজা হেনড্রিকস ৮১ বলে ৭ চারে করেন ৫২ রান।
