পুরনো সেপটিক ট্যাংকে জমা পানি নিষ্কাশনের জন্য নেমে মারা গেছেন দুই শ্রমিক। গতকাল বুধবার সন্ধ্যা ৭টার দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের মরদেহ উদ্ধার করেছেন।
গাজীপুরের শ্রীপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের শ্রীপুর উত্তরপাড়া গ্রামের আবু সাঈদের বাড়িতে এ ঘটনা ঘটেছে।
মারা যাওয়া দুই শ্রমিক হলেন ঠাকুরগাঁওয়ের রুহিয়া গ্রামের জয়নাল আবেদিনের ছেলে মাসুম আহম্মেদ (২৫) ও নেত্রকোনার দিগজান গ্রামের সোনা মিয়ার ছেলে মুখলেসুর রহমান (৪৫)। ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
স্থানীয় লোকজন জানান, প্রবাসী আবু সাঈদ প্রায় দেড় বছর আগে একটি সেপটিক ট্যাংক তৈরি করেন বাড়ির জন্য। তবে তাতে বাথরুমের লাইন সংযোগ করেনি। অব্যবহৃত অবস্থায় পড়ে থেকে ট্যাংকে পানি জমা হয়। তারা বলেন, ‘আজ (বুধবার) সেই ট্যাংকের পানি নিষ্কাশনের জন্য দুই শ্রমিককে নিয়োগ করা হয়। দুপুরে তারা কাজে যোগ দেন। সবাই জানে তারা কাজ করছেন। কিন্তু বিকেলের পর সবাই বুঝতে পারেন তাদের কোনো সাড়াশব্দ নেই। পরে সেখানে খোঁজ নিয়ে তাদের মরদেহ পানিতে ভাসতে দেখেন।’
শ্রীপুর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মাহবুবুর রহমান জানান, সন্ধ্যায় খবর পেয়ে ঘটনাস্থল থেকে দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
শ্রীপুর মডেল থানার (ওসি) শাহ্ জামান জানান, ধারণা করা হচ্ছে, ট্যাংকে জমে থাকা গ্যাসে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।
