'ছুরিকাঘাতে' হাসপাতালে ভর্তি আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপে খেলা লাভেজ্জি

আপডেট : ২১ ডিসেম্বর ২০২৩, ০১:৩২ পিএম

আর্জেন্টিনার সাবেক ফরোয়ার্ড এজেকিয়েল লাভেজ্জিকে তারই পরিবারের এক সদস্য ছুরিকাঘাত করেছেন বলে অভিযোগ উঠেছে। পেটে ছুরিকাঘাতে আহত লাভেজ্জিকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। গতকাল উরুগুয়ের মালদোনাদোয় এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস ও ক্লারিন।

২০১৯ সালে খেলোয়াড়ি জীবনকে বিদায় বলার পর থেকেই পরিবার নিয়ে উরুগুয়েতে থাকেন লাভেজ্জি। আর্জেন্টিনার হয়ে ৫১ ম্যাচে ৯ গোল করা ফরোয়ার্ড ২০১৪ বিশ্বকাপের ফাইনালেও খেলেছেন।

টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, স্থানীয় সময় গতকাল ভোরে পরিবারের সঙ্গে পার্টিতে ছিলেন লাভেজ্জি। এ সময় তার সঙ্গে প্রেমিকাও ছিলেন। পার্টিতেই পরিবারের কেউ তাকে ছুরিকাঘাত করেন।

এতে পেটে ও কলারবোনে (কণ্ঠাস্থি) ক্ষত সৃষ্টি হলে জরুরি সেবা সংস্থাকে ফোন দেওয়া হয়। জরুরি সেবায় নিয়োজিতরা এসে তাকে মালদোনাদোর কান্তেগ্রিল সানাতোরিয়াম হাসপাতালে নিয়ে যান। তার পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়, লাভেজ্জিকে কেউ ছুরিকাঘাত করেনি। আলোক বাতি পরিবর্তন করতে গিয়ে মই থেকে পিছলে পড়ে গিয়ে আহত হয়েছেন।

ক্লারিন জানিয়েছে, স্থানীয় পুলিশ লাভেজ্জির ছুরিকাহত হওয়ার ঘটনা নিশ্চিত করতে পারেনি। হাসপাতাল কর্তৃপক্ষও এখনো নিশ্চিত করে কিছু জানায়নি।

উরুগুয়ের পত্রিকা এল অবজারভাদর পুলিশের বরাত দিয়ে জানিয়েছে, পার্টিতে পরিবারেরই কেউ লাভেজ্জিকে ছুরিকাঘাত করেছেন। গনমাধ্যমটি আরও জানিয়েছে, টাকাপয়সা নিয়ে পারিবারিক ঝামেলার কারণে লাভেজ্জির পেটে ছুরিকাঘাত করা হয়েছে। ছুরিকাঘাতের পর পাশে থাকা একটি আসবাবের ওপর পড়ে গেলে তার কলারবোন ভেঙে যায়। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত