গাজীপুরের কালিয়াকৈরে পোষ্টার লাগানোকে কেন্দ্র করে নৌকা প্রার্থীর এক সমর্থককে মারধরের অভিযোগ উঠেছে স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের বিরুদ্ধে। বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) সকালে উপজেলার টানবড়ইবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।
এলাকাবাসী ও ভোক্তভোগী সুত্রে জানা গেছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-১ আসনে আওয়ামী লীগের মনোনিত প্রার্থী অ্যাড.আ.ক.ম মোজাম্মেল হক নৌকা প্রতীক এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে ট্রাক প্রতীক নিয়ে লড়ছেন রেজাউল করিম রাসেল। বৃহস্পতিবার সকালে কালিয়াকৈর উপজেলার টানবড়ইবাড়ী এলাকায় নৌকা মার্কার পোষ্টার লাগাতে যায় কয়েকজন কর্মী। এসময় ওই এলাকার শীল শান্ত রাজবংশী তার দোকানের পাশে নৌকার পোষ্টার লাগাতে বলেন। এসময় তার দোকানের পাশে ট্রাকপন্ত্রী ও চাপাইর ইউনিয়নের ৪নং ইউপি সদস্য (মেম্বার) আব্দুর রউফ খান দাঁড়িয়ে ছিলেন। পরে তিনি নৌকাপন্থী সমর্থককে মারধর করে। খবর পেয়ে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সাধারন সম্পাদক ঘটনাস্থল পরিদর্শন করেন।
অভিযুক্ত ইউপি সদস্য আব্দুর রউফ খান জানান, আমি শান্তকে মারধর করিনি। কয়েকজন ছেলে তাকে মারধর করতে থাকলে আমি তাদের সরিয়ে দেই। তবে কারা তাকে মারধর করে? তাদের নাম বলতে পারেননি ওই ইউপি সদস্য।
গাজীপুর-১ আসনের স্বতন্ত্র প্রার্থী মো. রেজাউল করিম রাসেল জানান, এরকম কোনো বিষয় আমার জানা নেই। নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে অনেকেই অনেক কিছু করতে চায়। তবে আমার সকল কর্মীকে শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ বজার রাখার জন্য অনুরোধ করেছি।
সহকারী রিটার্নিং কর্মকর্তা হোসাইন মোহাম্মদ হাই জকী জানান, এ ধরণের ঘটনা আমার জানা নেই। এ ধরণের ঘটনা আচরণ বিধি লঙ্ঘন। তবে অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
