এসআইকে কুপিয়ে ছিনতাইয়ের ঘটনায় ৩ জন গ্রেপ্তার 

আপডেট : ২১ ডিসেম্বর ২০২৩, ১১:৪৩ পিএম

পুরান ঢাকার ধোলাইপাড় এলাকায় পুলিশের উপ-পরিদর্শককে (এসআই) কুপিয়ে মোবাইল ও টাকা ছিনতাইয়ের ঘটনায় জড়িত তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। নারায়নগঞ্জ সদর মডেল থানায় কর্মরত এই এসআই গত ১৯ ডিসেম্বর ভোর রাতে ছিনতাইকারীদের অস্ত্রের আঘাতে গুরুত্বর আহত হন।

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) রাতে এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তারের করে কদমতলী থানা পুলিশ। গ্রেপ্তাররা হলেন- মো. ইসমাইল (৫৫), মো. রাসেল হোসেন (২৯) ও মো. শফিকুল ইসলাম (২৮)। এ সময় তাদের কাছ থেকে ছিনতাই হওয়া নগদ ৫ হাজার টাকা, দু’টি মোবাইল এবং ছিনতাই কাজে ব্যবহৃত রক্তমাখা চাকু উদ্ধার করা হয়।

ডিএমপির ওয়ারী বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইকবাল হোসাইন বলেন, বরিশালে একটি মামলার সাক্ষী দিয়ে ১৯ তারিখ ভোর রাতে বাসে করে ঢাকায় ফেরেন ওই এসআই। তিনি বাস থেকে কদমতলী থানার ধনিয়া রোডের পূর্ব ধোলাইপাড় বাজার এলাকায় নামেন। এই সময়ে তাকে তিন ছিনতাইকারী অস্ত্রের মুখে ভয় দেখিয়ে সর্বস্ব লুটে নেওয়ার চেষ্টা করে। এ সময়ে এসআই নিজের আত্মরক্ষার চেষ্টা করলে ধারালো চাপাতি দিয়ে বাম হাতের কব্জিতে এলোপাতাড়িভাবে কুপিয়ে গুরুত্বর জখম করে। পাশাপাশি ছিনতাইকারীরা ধারালো চাকু দিয়ে পেটের বাম পাশে ছুরিকাঘাত করে। এতে তিনি গুরুত্বর আহত হন। 

পরে ছিনতাইকারীরা এসআই'র প্যান্টের পকেটে থাকা দু’টি মোবাইল ফোন যার মূল্য ৪০ হাজার টাকা ও সন্তানদের স্কুলে ভর্তির জন্য মানিব্যাগে আরও ৪৩ হাজার নগদ টাকা ছিনিয়ে নিয়ে যায়। এই সময়ে তার সঙ্গে থাকা মামলার গুরুত্বপূর্ণ নথিসহ সকল কাগজপত্র নিয়ে যায়।

এই ঘটনায় ভুক্তভোগী এসআইয়ের স্ত্রী বাদি হয়ে একটি মামলা দায়ের করেন। পরে তদন্তে নেমে ছিনতাইয়ের ঘটনায় জড়িত তিনজনকে গ্রেপ্তার করা হয়। তারা পেশাদার ছিনতাইকারী। দলটির প্রধান ইসমাইলের নামে একাধিক ছিনতাইয়ের মামলার তথ্য পাওয়া গেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত